ওয়েব ডেস্ক : বিশ্বজুড়ে বড়সড় কর্মী ছাঁটাইয়ের (Layoffs) সিদ্ধান্ত নিল অ্যাপ-ভিত্তিক পরিবহণ সংস্থা উবের (Uber)। সংস্থার মোট কর্মীসংখ্যার প্রায় ১০ শতাংশ, অর্থাৎ আনুমানিক ৩৩০০টি পদ কমানো হচ্ছে। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহি কর্মীদের পাঠানো বার্তায় জানিয়েছেন, সংস্থার কাজের কাঠামোকে আরও সহজ এবং দ্রুত করার লক্ষ্যেই এই পদক্ষেপ।
গত কয়েক বছরে দ্রুত ব্যবসা বাড়ানোর সঙ্গে সঙ্গে উবেরের (Uber) অভ্যন্তরীণ কাঠামোও অনেক বেশি জটিল হয়ে উঠেছে বলে সংস্থার দাবি। বিভিন্ন স্তরে ব্যবস্থাপনা, অতিরিক্ত সমন্বয় এবং দায়িত্বের বিভাজনের কারণে সিদ্ধান্ত গ্রহণে সময় লাগছিল। সেই পরিস্থিতি বদলাতেই এবার একাধিক স্তর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুনর্গঠনের ফলে উবেরে ম্যানেজারের সংখ্যা প্রায় ২০ শতাংশ কমবে। তবে কতজন ম্যানেজার সরাসরি চাকরি হারাবেন, তা স্পষ্ট করেনি সংস্থা। কয়েকজন ম্যানেজারকে ম্যানেজমেন্টের দায়িত্ব থেকে সরিয়ে সরাসরি কাজের ভূমিকায় নিয়ে যাওয়া হতে পারে। একইসঙ্গে ম্যানেজার নন, এমন কর্মীদেরও ছাঁটাইয়ের আওতায় রাখা হয়েছে।
শুধু কর্মীসংখ্যা কমানো নয়, ছোট ছোট দলের সংখ্যাও কমাতে চাইছে উবের। এক বা দুই জনকে নিয়ে তৈরি অত্যন্ত ছোট দলগুলির সংখ্যা প্রায় অর্ধেক করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সংস্থার শীর্ষ নেতৃত্বের নিচে সাত বা তার বেশি স্তরে থাকা কর্মীর সংখ্যাও প্রায় ২০ শতাংশ কমানো হবে। বিভিন্ন বিভাগের কাজ একত্রিত করে দায়িত্বের পুনর্বিন্যাসও করা হচ্ছে।
আরও খবর : ছয় দিনে ১০০-র বেশি উদ্ধার অভিযান, নেপালের প্রথম মহিলা হেলিকপ্টার ক্যাপ্টেন প্রিয়া
উবেরের (Uber) কর্মীদের কাজের জায়গাতেও পরিবর্তন আসছে। সংস্থা বড় শহরগুলিতে নির্দিষ্ট কার্যালয়কেন্দ্রিক কাজের ব্যবস্থা আরও জোরদার করতে চাইছে। অধিকাংশ দূরবর্তী কর্মীকেই অফিসে ফিরে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে সম্পূর্ণভাবে বাড়ি থেকে কাজ করার সুযোগ থাকবে মাত্র প্রায় ১ শতাংশ কর্মীর জন্য। বর্তমানে চালু সপ্তাহে তিন দিন অফিসে কাজের নিয়মও বহাল থাকবে।
কর্মী ছাঁটাই থেকে যে অর্থ সাশ্রয় হবে, তা ভবিষ্যতের ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে উবেরের। চালক, ডেলিভারি কর্মী ও ব্যবসায়ীদের পরিষেবা আরও উন্নত করার পাশাপাশি সংস্থার মূল পরিবহণ ও খাবার সরবরাহের ব্যবসাকে শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। একইসঙ্গে স্বয়ংক্রিয় যান বা রোবোট্যাক্সি প্রযুক্তিতেও বড় অঙ্কের অর্থ ঢালতে চাইছে সংস্থা। রোবোট্যাক্সি ক্ষেত্রে আগামী কয়েক বছরে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে উবের। এই খাতে অ্যাভরাইড, লুসিড, নুরো ও রিভিয়ানের মতো সংস্থার সঙ্গে অংশীদারিত্ব ও বিনিয়োগ রয়েছে তাদের। ফলে ভবিষ্যতের স্বয়ংক্রিয় পরিবহণ ব্যবস্থায় নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্যও এই পুনর্গঠনের পিছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
এদিকে রোবোট্যাক্সি ব্যবসায় ওয়েমো ও টেসলার মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে উবেরের। অন্যদিকে খাবার সরবরাহের ব্যবসাতেও বিভিন্ন সংস্থার সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে তাদের। ফলে খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ব্যবসায় আরও বেশি অর্থ ঢালার জন্যই সংস্থার এই বড় সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। চলতি বছর এর আগেও উবেরের (Uber) গ্রাহক পরিষেবা এবং মানবসম্পদ বিভাগের কিছু কর্মী ছাঁটাই করা হয়েছিল।







