কলকাতা: দীর্ঘদিন ধরেই টিনসেল টাউন জুড়ে চর্চা চলছে কিংবদন্তী অভিনেত্রী মধুবালার বায়োপিক (Madhubala in Biopic) নিয়ে। সাদা-কালো পর্দার সেই মায়াবী হাসি, যাঁর চোখের এক ইশারায় একসময় থমকে যেত গোটা ইন্ডাস্ট্রি ।তাঁকে বলা হত ‘বলিউডের ভেনাস’, কেউ বা ডাকতেন ‘ভারতীয় সিনেমার মেরিলিন মনরো’। কিন্তু সেই জাদুকরী হাসির আড়ালে লুকিয়ে রয়েছে এক পাহাড়প্রমাণ যন্ত্রণা আর অকাল মৃত্যুর গল্প।দীর্ঘ কয়েক দশক পর সেই বিষণ্ণ রাজকন্যার জীবনকাহিনি এবার পর্দায় ফেরার অপেক্ষায়। ছবিতে মধুবালার চরিত্রে কে অভিনয় করবেন সেই আলোচনায় নাম জড়িয়েছে একাধিক বলি-নায়িকার। সদ্যই মধুবালার বায়োপিক নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।
একদিকে অভিনয় জীবনে সাফল্যের ফ্ল্যাশলাইট, অন্যদিকে ব্যক্তিজীবনের একাকিত্ব, শূন্যতা আর অকালমৃত্যু। সব মিলিয়ে বলিউডের অন্যতম আলোকময় চরিত্র অভিনেত্রী মধুবালা। সেই নায়িকারই বায়োপিক হতে চলেছে বলিউডে। ২০২২ সাল থেকেই বারবার বিনোদুনিয়ার খবরের শিরোনামে উঠে এসেছে মধুবালার বায়োপিক। আরও একবার চর্চায় উঠে এল এই বায়োপিকের প্রসঙ্গ। কখনও শোনা গিয়েছে ছবিতে মধুবালার ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যাননকে। আবার ছবিতে মধুবালার ভূমিকায় কিয়ারা আডবানীর নামও শোনা গিয়েছে বারবার। সদ্য়ই জানা গিয়েছে মধুবালার চরিত্রে নাকি অভিনয় করতে চলেছেন সাইয়ারা খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডা (Aneet Padda)। এমনটাই জোর গুঞ্জন টিনসেল টাউনের। ইতিমধ্যেই নাকি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অনীত। খুব শীঘ্রই ছবির অ্য়ানাউন্সমেন্ট হতে চলেছে। কবে ছবির শুটিং শুরু হবে তাও জানাবেন নির্মাতারা। মধুবালার বায়োপিক নিয়ে নতুন আর কী আপডেট সামনে আসে সেদিকেই নজর থাকবে আমাদের।
আরও পড়ুন: দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’তে অবশেষে সামনে এল রুক্মিণী







