ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির (Iran War) মাঝেই হরমুজ প্রণালীতে হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর নিশ্চিত করল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি জানানো হয়েছে, এখনও এক ভারতীয় নিখোঁজ রয়েছেন। শুক্রবার নৌ পরিবহন মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কে সিনহা জানান, হরমুজ প্রণালী এবং তার আশপাশ দিয়ে চলাচলকারী ভারতীয় জাহাজগুলির উপর কেন্দ্রীয় সরকার সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে।
তিনি বলেন, “আজ হরমুজ প্রণালী থেকে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ যাত্রা শুরু করেছে। জাহাজটি ভারতে আসছে না, আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছে।” একইসঙ্গে তিনি জানান, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের হতাহতের অন্তত তিনটি ঘটনার খবর সামনে এসেছে।
আরও পড়ুন: ফের ইরানের ‘মিসাইল বাঙ্কার’ ধ্বংস করল ইজরায়েল
প্রসঙ্গত, এর আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দু’জন ভারতীয় নাবিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছিলেন। সূত্রের খবর, ‘ময়ুরী নারী’ নামে একটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী হয়ে গুজরাট উপকূলের দিকে আসছিল। থাইল্যান্ডের পতাকাবাহী ওই জাহাজে বিভিন্ন জরুরি পণ্য ছিল। সেই সময় আচমকাই জাহাজটির উপর হামলা হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এই হামলায় দুই ভারতীয়র মৃত্যুর কথা প্রথমে নিশ্চিত করে বিদেশ মন্ত্রক। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির জেরে উপসাগরীয় অঞ্চলে আহত কয়েকজন ভারতীয় নাগরিকের চিকিৎসা চলছে বলেও জানানো হয়েছে। দুবাইয়ের একটি হাসপাতালে একজন ভারতীয় নাগরিক বর্তমানে ভর্তি রয়েছেন। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।
উল্লেখ্য, প্রায় দু’সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। এর ফলে বিশ্বজুড়ে তেলের জোগান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, হরমুজ দিয়ে কোনও তেলবাহী জাহাজকে যেতে দেওয়া হবে না। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, পশ্চিম এশিয়ার বাইরে এক লিটার তেলও যেতে দেওয়া হবে না। অন্যদিকে আমেরিকার হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানকে ভয়াবহ সামরিক জবাবের মুখে পড়তে হবে।







