ওয়েব ডেস্ক : ভবানীপুরের (Bhawanipur) বিধানসভা নির্বাচনের ফলাফল কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। বিচারপতি গৌরাঙ্গ কান্ত মামলার সঙ্গে যুক্ত শুভেন্দু অধিকারী-সহ সমস্ত পক্ষকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার শুনানি চলাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বিচারপতির কাছে আবেদন জানান, এই মামলার বিচারপ্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন করা হয় এবং দীর্ঘদিন ঝুলে না থাকে।
আরও খবর : বিদেশে চিকিৎসার অনুমতি মিলবে? অভিষেকের মামলায় বুধবার শুনানি হাইকোর্টে
আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া অধিকাংশ মামলারই নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি হয়নি। তাঁর দাবি, একমাত্র মানস ভুঁইয়ার নির্বাচনী মামলার রায় বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল। এই পরিস্থিতিতে ভবানীপুর নির্বাচনী মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আদালত আপাতত সমস্ত পক্ষকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।







