HomeScroll১০ হাজার প্রবীণকে নিয়ে কলকাতায় ‘দুর্গা টুর’! দেশ-বিদেশের অতিথিদের জন্য আদানিদের বিশেষ...
Kolkata Durga Puja 2026

১০ হাজার প্রবীণকে নিয়ে কলকাতায় ‘দুর্গা টুর’! দেশ-বিদেশের অতিথিদের জন্য আদানিদের বিশেষ পুজো-পরিক্রমা

১০ হাজার প্রবীণকে নিয়ে কলকাতার পুজো দেখাবে আদানিরা! দেশ-বিদেশের অতিথিদের জন্য ১০ অক্টোবর থেকে বিশেষ ‘দুর্গা টুর’।

কলকাতা: দুর্গাপুজোকে (Durga Puja 2026) আরও বড় পরিসরে দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগের পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী। এবার কলকাতার পুজো (Kolkata Durga Puja) দেখাতে আয়োজিত হতে চলেছে বিশেষ ‘দুর্গাপুজো প্রিভিউ টুর’। এই উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও অতিথিদের আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকদের।

নবান্ন সূত্রে খবর, প্রায় ১০ হাজার প্রবীণকে এই উদ্যোগের মাধ্যমে কলকাতার নির্বাচিত দুর্গাপুজো দেখানোর পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে আদানি গোষ্ঠীর প্রতিনিধিদের একাধিক দফায় আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১০, ১১ এবং ১২ অক্টোবর এই বিশেষ পুজো-পরিক্রমা চলবে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শহরের বাছাই করা প্রায় আটটি পুজো পরিদর্শন করবেন আমন্ত্রিত অতিথিরা। সাধারণ দর্শনার্থীদের পুজো দেখায় যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই নির্দিষ্ট সময়সূচি তৈরি করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে শুধু পুজো দেখানো নয়, বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য, শিল্পকলা, মণ্ডপসজ্জা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য দেশ-বিদেশের অতিথিদের সামনে তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।

 

কোন পুজোগুলি এই প্রিভিউ টুরের অংশ হবে, তা বাছাইয়ের ক্ষেত্রে মণ্ডপসজ্জার শিল্পমান, বাস্তবায়ন, আয়োজনের দক্ষতা-সহ একাধিক বিষয় বিবেচনা করা হবে। নির্বাচিত পুজোগুলিকে আদানি ফাউন্ডেশনের তরফে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

 

এই সফরে সরকারি প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সংবাদমাধ্যমের প্রতিনিধি, ইনফ্লুয়েন্সার, শিক্ষাবিদ, পড়ুয়া, কর্পোরেট জগতের আধিকারিক এবং পুজো উদ্যোক্তাদের মতো বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৫০ জন বিশিষ্ট অতিথিকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের আশা, এই উদ্যোগ আগামী দিনে কলকাতার দুর্গাপুজোকে আন্তর্জাতিক সাংস্কৃতিক পর্যটনের আরও বড় আকর্ষণ হিসেবে তুলে ধরতে সাহায্য করবে। একই সঙ্গে পুজোকে কেন্দ্র করে স্থানীয় শিল্পী, ছোট ও মাঝারি ব্যবসা এবং সংশ্লিষ্ট অর্থনীতিও উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News