নয়াদিল্লি: SIR সংক্রান্ত মামলার শুনানিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ব্যক্তিগতভাবে সওয়াল করা নিয়ে আপত্তি তোলায় ‘অখিল ভারত হিন্দু মহাসভা’কে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিজেপি-ঘেঁষা এই সংগঠনকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট বলেন, “এ নিয়ে রাজনীতি করবেন না। সংবিধানের উপর আস্থা রেখেই কেউ আদালতে সওয়াল করেন।”
সোমবার SIR–সংক্রান্ত একাধিক মামলার একত্র শুনানিতে এই পর্যবেক্ষণ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, কোনও মামলাকারী নিজে উপস্থিত হয়ে সওয়াল করলে তাতে অস্বাভাবিক কিছু নেই— বরং তা সংবিধানের প্রতি বিশ্বাসেরই প্রকাশ।
আরও পড়ুন: SIR শুনানিতে AI টুল নিয়ে কমিশনকে ভর্ৎসনা, বানান–বয়স বিভ্রাটে ক্ষোভ সুপ্রিম কোর্টের
এর আগে তথ্যগত অসঙ্গতির ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা তুলে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। সে নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হলেও আদালত তাঁকে সময় দিয়ে বক্তব্য শোনে। এমনকি স্থানীয় ভাষা ও AI ব্যবহারের কারণে সমস্যা তৈরি হচ্ছে— এই বিষয় তুলে ধরায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছিলেন প্রধান বিচারপতি।
এদিন আদালত নির্দেশ দিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই। মাইক্রো অবজার্ভার ও অন্যান্য আধিকারিকরা কেবল সহায়ক ভূমিকা পালন করবেন। প্রয়োজনে কমিশন ইআরও ও এইআরও বদল করতেও পারবে। রাজ্যের দেওয়া আধিকারিকদের প্রশিক্ষণের সুযোগও থাকবে।







