ওয়েব ডেস্ক : কয়েক ঘণ্টার ব্যবধানে একের পর এক ছাত্রী (Students) অসুস্থ। কারও পেটব্যথা, কারও বমি, আবার কারও শরীরে জ্বরের সঙ্গে দেখা দিয়েছে শ্বাসকষ্টের মতো উপসর্গ। সোমবার এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় উত্তর কলকাতার দেশবন্ধু পার্ক এলাকার একটি স্কুলে। হস্টেলে থাকা অন্তত ২৫ জন ছাত্রীকে রাতের মধ্যে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসার পর তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। খবর পেয়ে রাতেই অসুস্থ ছাত্রীদেরকে দেখতে গেলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)।
ঘটনার সূত্রপাত সোমবার দুপুরের পর। হস্টেলের ছাত্রীরা তখন স্বাভাবিকভাবেই পড়াশোনা করছিল। পরে খাবার খাওয়ার পর কয়েকজন অসুস্থ বোধ করতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অসুস্থ ছাত্রীর সংখ্যা। দুপুর ২টো থেকে রাত ৮টার মধ্যে একে একে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন।
ঘটনার খবর পৌঁছতেই রাতেই হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। অসুস্থ ছাত্রী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন তিনি। অভিভাবকদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। কী কারণে এতজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন, তা দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে খাবার বা পানীয় জল থেকে অসুস্থতা ছড়ানোর সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে স্কুলের রান্নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে। খাবার তৈরির জায়গা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রিপোর্ট হাতে এলেই অসুস্থতার আসল কারণ স্পষ্ট হবে। আপাতত সব ছাত্রীই চিকিৎসকদের নজরদারিতে রয়েছে বলে খবর।







