ওয়েব ডেস্ক : আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর-এর মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার শুনানিতে আদালত স্পষ্ট করে দিয়েছে, পুলিশ তদন্ত চালাতে পারবে। অভিষেককেও তদন্তে সহযোগিতা করতে হবে। তবে এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ২৫ অগস্ট।
বিধানসভা নির্বাচনের পর অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১৬টি এফআইআর দায়ের হয়েছে বলে আদালতে জানানো হয়। মঙ্গলবার শুনানির শুরুতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের কাছে জানতে চান, গত ৪ মে-র আগে অভিষেকের বিরুদ্ধে কোনও মামলা বা এফআইআর ছিল কি না। রাজ্যের তরফে জানানো হয়, ওই সময়সীমার আগে তাঁর বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি।
অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবীরা অন্তর্বর্তী সুরক্ষা বহাল রাখার পক্ষে সওয়াল করেন। রাজ্যের তরফে অবশ্য সেই আবেদন খারিজের দাবি জানানো হয়। তবে আদালতের পর্যবেক্ষণ, রক্ষাকবচ তুলে নিলে আগের নির্দেশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে। তদন্তে কোনও বাধা দেওয়া হচ্ছে না বলেও স্পষ্ট করে আদালত। তদন্ত শেষ করে পুলিশকে রিপোর্ট জমা দিতে হবে।
শুনানিতে মামলাগুলির সময়কাল এবং অভিযোগকারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগকারীর আইনজীবীর দাবি, অভিষেক এখনও প্রভাবশালী এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। পাল্টা আদালত আমতলায় অভিষেকের দলীয় কার্যালয় ভাঙার প্রসঙ্গ তুলে প্রভাবশালী হওয়ার দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ভাঙা ভবনটি অভিষেকের ব্যক্তিগত সম্পত্তি নয়। সব পক্ষের বক্তব্য শোনার পর আপাতত অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখে হাইকোর্ট।







