ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। বৃহস্পতিবারের এই বৈঠকে রাজ্যে নতুন প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রের পাশাপাশি অন্যান্য শিল্পেও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে গোয়েঙ্কা গোষ্ঠী।
সূত্রের খবর, বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) জানান, বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণেই রাজ্যে আরও বৃহৎ পরিসরে বিনিয়োগের পরিকল্পনা করছে তাঁদের সংস্থা। সম্ভাব্য প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের সহযোগিতা ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে সুজিত বসু, নাম রয়েছে ছেলে সমুদ্ররও
মুখ্যমন্ত্রীর দফতরের তরফেও এই বৈঠকের তথ্য প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গোয়েঙ্কা গোষ্ঠীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এবার সেই বিনিয়োগের পরিধি আরও বিস্তৃত করার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন শিল্প প্রকল্প এলে কর্মসংস্থান এবং রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক দিনে নবান্নে একাধিক শীর্ষ শিল্পপতির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর আগে আদানি গোষ্ঠীর প্রতিনিধিরাও সরকারের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করছে রাজ্য সরকার। সেই আবহেই বড় শিল্পগোষ্ঠীগুলির ধারাবাহিক বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।
দেখুন অন্য খবর :







