HomeScrollসপ্তম পে কমিশনে বড় বদলের ইঙ্গিত, ৩ শতাংশ থেকে এবার ইনক্রিমেন্ট হতে...
7th Pay Commission

সপ্তম পে কমিশনে বড় বদলের ইঙ্গিত, ৩ শতাংশ থেকে এবার ইনক্রিমেন্ট হতে পারে ৫%!

বেতন থেকে ভাতা, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট থেকে অবসরকালীন সুবিধা—রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক বিষয় পর্যালোচনার আওতায় আনল নবান্ন

ওয়েব ডেস্ক : রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার সপ্তম পে কমিশন (7th Pay Commission) নিয়ে এবার আরও স্পষ্ট হল সরকারের পরিকল্পনা। কমিশনের ‘শর্তাবলি ও কার্যপরিধি’ প্রকাশ করে নবান্ন জানিয়ে দিল, শুধু বেতন বাড়ানোই নয়, কর্মীদের আর্থিক সুবিধার গোটা কাঠামোই পর্যালোচনা করা হবে। ন্যূনতম বেতন কী হবে, বছরে কতটা ইনক্রিমেন্ট মিলবে, কেন্দ্রীয় বেতন কাঠামোর সঙ্গে কতটা সামঞ্জস্য থাকবে—এসবের পাশাপাশি DA, বাড়িভাড়া ভাতা এবং পেনশন নিয়েও সুপারিশ করতে হবে কমিশনকে।

বেতন সংক্রান্ত প্রস্তাবগুলির মধ্যে সবচেয়ে নজরকাড়া বিষয় বার্ষিক ইনক্রিমেন্ট (Increment)। বর্তমানে ৩ শতাংশ হারে বেতন বাড়লেও সেটি অন্তত ৫ শতাংশ করার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন পে-ম্যাট্রিক্স তৈরির সময় মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনা করার কথাও বলা হয়েছে। ন্যূনতম বেতন নির্ধারণে পাঁচ সদস্যের পরিবারকে ভিত্তি ধরে দৈনিক ৩৪৯০ ক্যালোরির প্রয়োজনীয়তা হিসাব করার প্রস্তাব রয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় কর্মীদের বেতন স্তরের সঙ্গে সামঞ্জস্য এবং অপ্রয়োজনীয় বা অচল পে লেভেল একত্রিত করার বিষয়টিও পর্যালোচনা করবে কমিশন।

আরও খবর : নবান্নে এনএসজি-র শীর্ষ কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, রাজ্যের নিরাপত্তা জোরদার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

DA ও অন্যান্য ভাতার ক্ষেত্রেও পরিবর্তনের দরজা খুলে দেওয়া হয়েছে। সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে DA-র সংজ্ঞা নির্ধারণ এবং নিয়মিত মহার্ঘ ভাতা দেওয়ার জন্য ‘স্ট্যান্ডিং অর্ডার’ আনার সুপারিশ করা যায় কি না, তা দেখা হবে। বাড়িভাড়া, পরিবহণ, শিশুদের শিক্ষাভাতা ও হস্টেল ভর্তুকির পরিমাণও পর্যালোচনার তালিকায় রয়েছে। এমনকি বাড়িভাড়া ভাতার সর্বোচ্চ সীমা সংক্রান্ত বিধিনিষেধ বদলের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে বড় পরিবর্তনের প্রস্তাব রয়েছে—বর্তমান ৮, ১৫ ও ২৪ বছরের পরিবর্তে ৫, ৮, ১২, ১৮ ও ২৪ বছরের পাঁচ ধাপের কাঠামো বিবেচনা করা হচ্ছে।

চাকরির শেষ পর্যায়ের সুবিধাতেও নজর দিচ্ছে সপ্তম পে কমিশন (7th Pay Commission)। কমিউটেড পেনশন ১১ বছর পর পুনরুদ্ধার, অবসরের সময় ছুটির নগদীকরণ এবং ৩০ জুন অবসর নেওয়া কর্মীদের একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়ার বিষয় রয়েছে বিবেচনায়। কর্মী ও পেনশনভোগীদের স্বাস্থ্য পরিষেবায় নগদহীন সুবিধা বাড়ানো এবং চিকিৎসকদের ফি বৃদ্ধির বিষয়ও আলোচনায় রয়েছে। ২০২৬ সালের ১৮ মে মন্ত্রিসভার বৈঠকে কমিশন গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এবার কার্যপরিধি নির্দিষ্ট হওয়ায় পরবর্তী নজর কমিশনের সুপারিশের দিকে। সরকারের লক্ষ্য ২০২৭ সালে সপ্তম পে কমিশন কার্যকর করা।

[youtube-feed feed=1]
Read More

Latest News