কলকাতা: বেসরকারি হাসপাতালে (Private Hospital) চিকিৎসা করাতে গিয়ে অতিরিক্ত বিলের অভিযোগ, পরিষেবায় গাফিলতি কিংবা চিকিৎসায় ত্রুটি, নালিশ জানাবেন কোথায়? এ বার সেই প্রশ্নের উত্তর হাসপাতালকেই দিতে হবে। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে অভিযোগ জানানোর পদ্ধতি সাধারণ মানুষের সামনে স্পষ্ট করে দিতে নির্দেশ দিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন (West Bengal Health Commission)।
কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বেসরকারি হাসপাতালের প্রবেশপথে চোখে পড়ার মতো জায়গায় কমলা রঙের ব্যানার বা পোস্টার লাগাতে হবে। সেখানে বাংলা এবং ইংরেজি, দুই ভাষাতেই অভিযোগ জানানোর প্রয়োজনীয় বিবরণ উল্লেখ করতে হবে। নির্দেশ কার্যকর করার পর সেই ব্যানার লাগানোর প্রমাণও কমিশনের কাছে পাঠাতে হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে।
আরও খবর : পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির
কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর সাধারণ মানুষের কাছে কমিশনের পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য। প্রয়োজনে আরও বেশি করে পোস্টারিংয়ের মাধ্যমে মানুষকে জানানো হবে যে, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ জানানোর নির্দিষ্ট জায়গা রয়েছে।
কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছোট ও মাঝারি নার্সিংহোমগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম। তবে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে। সংগঠনের সম্পাদক ডা. রাজীব পাণ্ডের বক্তব্য, স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
সম্প্রতি মালদহের রতুয়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুর এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা ফের সেই প্রশ্ন সামনে এনেছে। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকেও হাসপাতালগুলিতে প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী মোতায়েন এবং পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়েছে।
অর্থাৎ, রোগীর অভিযোগ জানানোর পথ যেমন স্পষ্ট করতে হবে, তেমনই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার বার্তা মিলেছে কমিশনের এই পদক্ষেপে।







