ওয়েব ডেস্ক : অসমে বন্যা (Assam Flood) পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। নতুন করে শিবসাগর জেলায় সাত জনের মৃত্যু হওয়ায় রাজ্যে বন্যাজনিত প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। বর্তমানে শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, শোণিতপুর এবং কামরূপ (মেট্রোপলিটন)—এই সাতটি জেলা এখনও বন্যার কবলে। সরকারি তথ্য অনুযায়ী, ৬২২টি গ্রামের প্রায় ৩.৩২ লক্ষ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যার (Flood) জেরে প্রায় ৪৫ হাজার হেক্টরেরও বেশি কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। ধানসিরি নদী এখনও বিপদসীমার উপরে বইছে। যদিও কোনও নদী এখনও পর্যন্ত সর্বোচ্চ বন্যাস্তর অতিক্রম করেনি বলে প্রশাসনের দাবি। তবু পরিস্থিতির উপর নজর রেখে উদ্ধার ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।
আরও খবর : শনিবার থেকেই ডিজিটাল জনগণনার প্রথম ধাপ, স্ব-শুমারি করতে কোন পোর্টালে যাবেন?
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। বন্যায় মৃতদের পরিবারের জন্য কেন্দ্রীয় ক্ষতিপূরণের ৪ লক্ষ টাকার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ৫ লক্ষ টাকা দেওয়া হবে। ফলে প্রতিটি পরিবার মোট ৯ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবে। এছাড়া ৩০ দিনের বেশি সময় ধরে নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারও ৪ লক্ষ টাকার অনুদান দেওয়া হবে।
রাজ্য সরকার জানিয়েছে, এক লক্ষেরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি প্রয়োজন মেটাতে ১৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বন্যাকবলিত জেলাগুলির পড়ুয়াদের বই কেনার জন্য ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অনুদান, বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুল ইউনিফর্ম এবং হারিয়ে যাওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নথি বিনামূল্যে পুনরায় ইস্যুর ব্যবস্থাও করা হয়েছে। কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।







