ওয়েব ডেস্ক : “মহাপ্রভু জগন্নাথ” (Mahaprabhu Jagannath) সিনেমার মুক্তিতে হস্তক্ষেপ নয়। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সিনেমা মুক্তির ওপর স্থগীতাদেশ চেয়ে আবেদন খারিজ করল বিচারপতি বি.ভি. নাগারত্ন ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ।
শুনানির সময় বিচারপতি বি.ভি. নাগারত্ন বলেন, আদালত যদি এ ধরনের নির্দেশ দিতে শুরু করে, তবে ভবিষ্যতে হিন্দু দেব-দেবী বা পৌরাণিক কাহিনি নিয়ে শিল্পকর্ম তৈরি করাই কঠিন হয়ে পড়বে। তাঁর মতে, শিল্পীর সৃজনশীল স্বাধীনতাকে অযথা বাধাগ্রস্ত করা উচিত নয়। এমন নজির তৈরি হলে রামায়ণ, মহাভারতের মতো মহাকাব্য অবলম্বনে নির্মিত বহু কাজও প্রশ্নের মুখে পড়তে পারে।
আরও খবর : অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃত বেড়ে ৭৫
প্রসঙ্গত, মহেশ কুমার সাহু নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করার পর গত ১৫ জুলাই ওড়িশা হাই কোর্ট ছবিটির মুক্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। প্রধান বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি মুরহারি শ্রী রমনের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করেছিল, মতপ্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ হলেও কোনও চলচ্চিত্র জনমনে প্রভাব ফেলতে পারে এবং জনশৃঙ্খলার প্রশ্নও বিবেচনায় রাখা প্রয়োজন।
ওড়িশা হাইকোর্টের সেই নির্দেশকেই সুপ্রিম কোর্টে (Supreme Court) চ্যালেঞ্জ করা হয়। শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, শিল্প ও সৃজনশীলতার ক্ষেত্রে অযথা হস্তক্ষেপ করতে তারা আগ্রহী নয়। ফলে ‘মহাপ্রভু জগন্নাথ’ সিনেমার মুক্তি নিয়ে তৈরি হওয়া আইনি অনিশ্চয়তা অনেকটাই কাটল বলে মনে করা হচ্ছে।







