ওয়েব ডেস্ক : জঙ্গিদের (Terrorist) গতিবিধির খবর পেয়েই শুরু হয়েছিল অভিযান। আর সেই তল্লাশির মধ্যেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ জঙ্গিদের বিরুদ্ধে। পাল্টা জবাবে বদগামের আশদর গলি এলাকায় এক জঙ্গিকে খতম করল যৌথবাহিনী (Indian Army)। ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল-সহ বেশ কিছু যুদ্ধসামগ্রী উদ্ধার হয়েছে।
পুলিশ, সেনা এবং সিআরপিএফের যৌথবাহিনী এই অভিযান চালায়। পুলওয়ামার পাখেরপোরা থেকে কয়েক জন সন্দেহভাজন জঙ্গি বদগামের ইউসমার্গের দিকে যাচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে আশদর গলিতে তল্লাশি অভিযান শুরু হয়। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন আশদর’।
আরও খবর : দিল্লিতে মুষলধারে বৃষ্টি, এক ঘণ্টায় ৯টি বিমান ঘুরিয়ে দেওয়া হল! জলমগ্ন বিমানবন্দর
তল্লাশির সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসে বাহিনীর। এর পরেই জঙ্গিরা গুলি চালায় বলে খবর। এরপরই শুরু হয় তীব্র গুলির লড়াই। পাল্টা অভিযানে এক জঙ্গি নিহত হয়। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে অভিযান এখনও শেষ হয়নি। ওই এলাকায় আরও এক জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে নিরাপত্তাবাহিনী। তাকে খুঁজে বের করতে গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।







