ওয়েব ডেস্ক : আকাশ কালো করে নামল বৃষ্টি (Rain), সঙ্গে বজ্রঝড়! আর তার জেরেই শুক্রবার বিকেলে বড়সড় ধাক্কা খেল দিল্লির (Delhi) বিমান পরিষেবা। বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৪টের মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ৯টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।
বিমানবন্দর সূত্রে খবর, এর মধ্যে চারটি বিমানকে জয়পুর, চারটি লখনউ এবং একটি বিমানকে আমদাবাদে পাঠানো হয়েছে। প্রবল বৃষ্টির জেরে বিমানবন্দরের বিভিন্ন অংশেও জল জমে যায়। ফলে বিমান ওঠানামার স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। লখনউয়ে ঘুরিয়ে দেওয়া বিমানগুলির মধ্যে ছিল বেঙ্গালুরু থেকে দিল্লিগামী বিমান, লুধিয়ানা থেকে দিল্লিগামী বিমান, ইন্দোর থেকে দিল্লিগামী বিমান এবং হায়দরাবাদ থেকে দিল্লিগামী বিমান। বিকেল ৪টা ৩৭ মিনিট থেকে ৫টা ৬ মিনিটের মধ্যে বিমানগুলি লখনউ বিমানবন্দরে পৌঁছয়।
আরও খবর : বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
দিল্লি বিমানবন্দর (Delhi Airport) কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে বিমানবন্দরের প্রবেশপথ ও সামনের অংশে জল জমেছিল। পরে সেই জল দ্রুত সরিয়ে ফেলা হয়। বিমান পরিষেবা স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
এদিকে দিল্লি-সহ গোটা এনসিআর জুড়ে জারি রয়েছে ভারী বৃষ্টি (Rain) ও বজ্রঝড়ের সতর্কতা। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৪ ও ৫ সেপ্টেম্বর হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৬ সেপ্টেম্বরের পর আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই।







