ওয়েব ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) একটি নৌকাবিহারের ছবি ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হল। ছবিটি সমাজমাধ্যমে পোস্ট করে রাহুলের সঙ্গে থাকা মহিলা ও শিশুর পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। পাল্টা কংগ্রেসের তরফে তাঁর বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানানো হয়েছে।
গিরিরাজের পোস্ট করা ছবিতে রাহুল গান্ধীকে নৌকায় বসে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি কোথাকার এবং কবে তোলা, তা জানতে চাওয়ার পাশাপাশি রাহুলের সঙ্গে থাকা দু’জনের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, ছবিতে যাঁরা রয়েছেন, তাঁদের সম্পর্কে জানার কৌতূহল রয়েছে তাঁর।
আরও খবর : আরজি কর-কাণ্ডে ফের নয়া মোড়, নার্সের ফোন বাজেয়াপ্ত CBI-এর! পানিহাটি শ্মশানেও পৃথক তদন্ত
এর পরেই পাল্টা জবাব দেয় কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট জানান, ছবিতে রাহুলের সঙ্গে থাকা মহিলা তাঁর এক বন্ধুর স্ত্রী এবং শিশুটি ওই মহিলার সন্তান। বন্ধুও পরিবারের সঙ্গে ছুটিতে ছিলেন, তবে ছবিতে তাঁকে দেখা যাচ্ছে না, এমনটাই দাবি কংগ্রেসের। গিরিরাজের মন্তব্যের তীব্র সমালোচনা করে তাঁকে ব্যক্তিগত আক্রমণও করেন শ্রীনেট।
ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সমাজমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত অভি দান্ডিয়াও ছবিটি নিয়ে বিস্তারিত তথ্য দেন। তাঁর দাবি, ছবিটি আমেরিকার টেক্সাসের লেক রে রবার্টসে তোলা। গিরিরাজকে উদ্দেশ করে তিনি ছবিটির তথ্য যাচাই করে দেখার কথাও বলেন। যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্রীনিবাস বিভিও সমাজমাধ্যমে গিরিরাজকে কটাক্ষ করেন। ফলে একটি ছবি ঘিরে বিজেপি-কংগ্রেসের রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে।
রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়েও এর আগে বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছিল। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য রাহুলের বিদেশ সফরের সময়, সাক্ষাৎ এবং সফরের খরচ নিয়ে একাধিক প্রশ্ন করেছিলেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নৌকাবিহারের ছবি ঘিরে নতুন করে শুরু হল রাজনৈতিক চাপানউতোর।







