ওয়েব ডেস্ক : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-কে (Manmohan Singh) ঘিরে দীর্ঘদিনের চলা কয়লা কেলেঙ্কারি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সিবিআইয়ের দাখিল করা ক্লোজ়ার রিপোর্ট গ্রহণ করে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। একইসঙ্গে ২০১৫ সালে জারি হওয়া সমন ও অভিযুক্ত হিসেবে তলবের নির্দেশও বাতিল করা হয়েছে। এর ফলে মৃত্যুর প্রায় দু’বছর পর এই বহুচর্চিত মামলায় আইনি স্বস্তি মিলল প্রাক্তন প্রধানমন্ত্রীর।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চ জানায়, সিবিআইয়ের (CBI) তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে তারা সন্তুষ্ট। আদালতের মতে, ক্লোজ়ার রিপোর্ট গ্রহণ না করার মতো কোনও আইনি ভিত্তি বা পর্যাপ্ত কারণ পাওয়া যায়নি। তাই নিম্ন আদালতের ২০১৫ সালের ১১ মার্চের বিতর্কিত নির্দেশও বাতিল করা হয়েছে।
আরও খবর : এক আধিকারিক, এক সরকারি গাড়ি, অপচয় রুখতে কেন্দ্রের নতুন নির্দেশ
২০০৫ সালে ওড়িশার তালাবিরা কয়লাখনি হিন্ডালকোকে বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। সে সময় কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পরে বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। হিন্ডালকোর কর্ণধার কুমারমঙ্গলম বিড়লা ও তৎকালীন কয়লাসচিব পি. সি. পরেখের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তদন্ত চলাকালীন মনমোহন সিংয়ের (Manmohan Singh) ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে। ২০১৫ সালের ২৮ জানুয়ারি কয়লা কেলেঙ্কারিতে মনমোহনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য আদালতে জমা দিয়েছিল সিবিআই। তবে মনমোহন সমস্ত অভিযোগ উড়িয়ে দেন।
২০১৪ সালের ৩ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শেষ সাংবাদিক বৈঠকে মনমোহন সিং (Manmohan Singh) বলেছিলেন, “সমসাময়িক সংবাদমাধ্যম কিংবা বিরোধীদের চেয়ে ইতিহাস আমার প্রতি বেশি সদয় হবে।” মৃত্যুর পর সুপ্রিম কোর্টের এই রায়ের পর সেই মন্তব্য ফের আলোচনায় উঠে এসেছে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রয়াত মনমোহন সিংয়ের বিরুদ্ধে থাকা এই বহুচর্চিত মামলারও কার্যত ইতি টানল দেশের সর্বোচ্চ আদালত।







