ওয়েব ডেস্ক : সরকারি সম্পদের অপচয় রোধ এবং সরকারি গাড়ির অপব্যবহার ঠেকাতে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ‘ওয়ান অফিসার, ওয়ান অফিসিয়াল কার’ (One Officer, One Official Car) নীতি কার্যকর করে স্পষ্ট জানানো হয়েছে, কোনও আধিকারিক একাধিক মন্ত্রক, দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা (পিএসইউ) বা স্বশাসিত প্রতিষ্ঠানের অতিরিক্ত দায়িত্বে থাকলেও তাঁকে দ্বিতীয় সরকারি গাড়ি বরাদ্দ করা যাবে না।
ব্যয় দফতরের (Department of Expenditure) জারি করা অফিস মেমোর্যান্ডামে বলা হয়েছে, ২০২২ সালে প্রকাশিত সরকারি স্টাফ কার সংক্রান্ত নির্দেশিকাকেই আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। যে আধিকারিক সরকারি গাড়ির সুবিধা পাওয়ার যোগ্য, তিনি অতিরিক্ত দায়িত্ব পেলেও আগের বরাদ্দ গাড়িটিই ব্যবহার করবেন। কোনও মন্ত্রক বা দফতর তাঁর জন্য নতুন করে আর একটি সরকারি গাড়ি অনুমোদন করতে পারবে না।
আরও খবর : ‘মহাপ্রভু জগন্নাথ’ সিনেমা বিতর্কে বড় সিদ্ধান্ত, আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত প্রতিষ্ঠান বা আধা-সরকারি সংস্থার গাড়ি ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র অনুমোদিত সরকারি সফর বা দফতরের কাজের ক্ষেত্রেই এই ধরনের গাড়ি ব্যবহার করা যাবে।
এছাড়াও সব মন্ত্রক ও দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, অব্যবহৃত বা অতিরিক্ত সরকারি গাড়ি নিরাপদে সংরক্ষণ করতে হবে। কেন্দ্রের দাবি, এই পদক্ষেপের ফলে প্রশাসনিক দক্ষতা বাড়বে, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে এবং করদাতাদের অর্থের অপচয়ও কমবে।







