HomeScrollজলকামানেও দমল না পড়ুয়াদের ক্ষোভ, রাঁচিতে বিধানসভা ঘেরাও ঘিরে তুমুল উত্তেজনা
Jharkhand Student Protest

জলকামানেও দমল না পড়ুয়াদের ক্ষোভ, রাঁচিতে বিধানসভা ঘেরাও ঘিরে তুমুল উত্তেজনা

প্রশ্নফাঁসের অভিযোগে ১৬ দিনের আন্দোলন, দাবি না মানলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি

ওয়েব ডেস্ক : সরকারি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ফের উত্তাল ঝাড়খণ্ড (Jharkhand)। সোমবার রাঁচিতে বিধানসভা অভিযানে নামেন হাজার হাজার পড়ুয়া। আন্দোলনকারীদের আটকাতে পথে ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। কিন্তু সেই বাধা পেরিয়ে সামনে এগোতে থাকেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে জলকামান ব্যবহার করা হলেও আন্দোলনকারীদের একাংশকে জলের মধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাঁচিতে বাড়ানো হয়েছিল নিরাপত্তা। ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীরা শহরে পৌঁছন। ট্রেন, বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও বহু পড়ুয়া রাজধানীতে আসেন। গুরুত্বপূর্ণ রাস্তা এবং বিধানসভা চত্বরের আশপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বন্ধ রাখা হয় একাধিক স্কুলও।

আরও খবর : ‘খাঁটি পেট্রল কি বাবার বাড়ি থেকে আসবে?’ E20 বিতর্কে মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ

আন্দোলনকারীদের অভিযোগ,ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (JSSC)-একাধিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের কারণে যোগ্য প্রার্থীরা বারবার বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, গোটা বিষয়টির নিরপেক্ষ তদন্তের জন্য CBI-কে দায়িত্ব দিতে হবে। আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্র পাসওয়ান জানিয়েছেন, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তাঁরা। পাশাপাশি ছয়জন পড়ুয়া এখনও অনশন চালিয়ে যাচ্ছেন।

সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও এখনও কাটেনি অচলাবস্থা। রাজ্য সরকারের দাবি, আন্দোলনকারীদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে এবং তিনটি পরীক্ষা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পড়ুয়াড়া ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন। এর মধ্যেই JPSC-র তিন সদস্যের পদত্যাগ এবং আগে চেয়ারম্যান এল খিয়াংতের সরে দাঁড়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবশ্য আশ্বাস দিয়েছেন যে, অনিয়মে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্নফাঁস ইস্যুতে আগামী দিনে আন্দোলনের গতিপথ কোন দিকে যায়, এখন সেদিকেই নজর।

[youtube-feed feed=1]
Read More

Latest News