সল্টলেক: দলে ‘তৃণমূলীকরণ’ হচ্ছে! আর তার জেরেই নাকি বাড়ছে তোলাবাজি—এমনই অভিযোগ তুলে এবার দলের অন্দরেই সরব হলেন এক বিজেপি কর্মী। সল্টলেকের করুণাময়ী মোড়ে তাঁর লাগানো পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। পোস্টারে লেখা, ‘দলে তৃণমূলীকরণ হচ্ছে বলেই তোলাবাজি চলছে বেড়েই, তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি।’
পোস্টারদাতা স্থানীয় বিজেপি কর্মী সঞ্জয় পয়রা। তাঁর অভিযোগ, বিজেপির ‘আধখোলা দরজা’ দিয়ে তৃণমূলের একাধিক নেতা-কর্মী দলে ঢুকছেন। তাঁদের কেউ কেউ পুরনো রাজনৈতিক সংস্কৃতি ও ‘তোলাবাজি’র অভ্যাস ছাড়তে পারছেন না বলেও দাবি তাঁর। এর ফলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সঞ্জয়।
তাঁর কথায়, মানুষের ভোটে বিজেপি ক্ষমতায় এসেছে। সেই জায়গায় তৃণমূলের নেতা-কর্মীদের যোগদানের ফলে দলের পুরনো কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। সেই অসন্তোষ থেকেই পোস্টার লাগানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও দলের নেতাদের সতর্ক করে বলেছিলেন, তৃণমূলের বিরুদ্ধে যে ধরনের ‘ডিম হামলা’ হয়েছে, তার অভিমুখ ভবিষ্যতে বিজেপির দিকেও ঘুরতে পারে। সেই মন্তব্যের পরেই কোচবিহারের শীতলকুচিতে বিজেপির এক মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়েছে।
সঞ্জয়ের বক্তব্য, দলের মধ্যে তোলাবাজি বা অনিয়মের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে আগামী দিনে বিজেপি নেতাদেরও সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হতে পারে।
করুণাময়ী মোড়ের পোস্টার ঘিরে অবশ্য রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অন্দরের এই ক্ষোভ শেষ পর্যন্ত দলীয় নেতৃত্ব কী ভাবে সামাল দেয়, এখন সেটাই দেখার।







