HomeScrollচোট নিয়েও খেলতে বাধ্য করা হচ্ছে বরুণকে! KKR–এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে...
Kolkata Knight Riders

চোট নিয়েও খেলতে বাধ্য করা হচ্ছে বরুণকে! KKR–এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কী বলল BCCI?

আসন্ন ম্যাচগুলিতে বরুণ চক্রবর্তীকে খেলাতে পারবে KKR? শিবিরে শুরু উদ্বেগ

ওয়েব ডেস্ক: ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে দাঁড়িয়ে দল, আর এই গুরুত্বপূর্ণ সময়ে চোট (Injury) নিয়েও খেলছেন কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)- সম্প্রতি এই অভিযোগকে ঘিরে চর্চা শুরু হয়েছে দেশের ক্রিকেট মহলে। সূত্রের খবর, জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ বোলারের ফিটনেস পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) একাংশ। অভিযোগ, তাঁর শারীরিক অবস্থার কথা জানা সত্ত্বেও তাঁকে নিয়মিত খেলিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

জানা গিয়েছে, গত কয়েকটি ম্যাচ ধরেই চোটের সমস্যা নিয়ে খেলছেন বরুণ। নাইটদের শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই তাঁকে মাঠে নামানো হয়েছে। সেই ম্যাচগুলিতে বল করার সময় তাঁকে অস্বস্তিতে দেখা গিয়েছে বলেও দাবি সূত্রের। এমনকি মাঠে হাঁটার সময়ও তাঁকে খুঁড়িয়ে চলতে দেখা গেছে বলে খবর। ক্রিকেট মহলের মতে, আইপিএলের শুরুতে প্রত্যাশামতো পারফরম্যান্স না করলেও এখন দুরন্ত ছন্দে রয়েছেন বরুণ। তাঁর স্পিন আক্রমণের উপর ভর করেই কেকেআর এখনও কোনওক্রমে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে। সেই কারণেই ঝুঁকি নিয়েও তাঁকে খেলানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ম্যাচ জিতে ব্যাটার-বোলারদের ভূয়সী প্রশংসা রাহানের

আর এই বিষয়টিকেই ভালোভাবে নিচ্ছে না বিসিসিআই। বোর্ডের এক কর্তার দাবি, বরুণ যেহেতু বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার, তাই তাঁর ফিটনেস নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। বোর্ড সূত্রে দাবি করা হয়েছে, বরুণের বাঁ পায়ে সামান্য চিড় ধরা পড়েছে এবং সেই বিষয়ে বিসিসিআই মেডিক্যাল টিমকে জানানোও হয়েছে। তবে তাঁর ফিটনেসকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। বোর্ডের এক কর্তার কথায়, “বরুণের ফিটনেসই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন হলে বিসিসিআই এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে।”

উল্লেখ্য, আগামী মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে মোট সাতটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজে বরুণ চক্রবর্তীকে দলের প্রধান স্পিন অস্ত্র হিসেবেই ভাবা হচ্ছে। ফলে তাঁর চোট নিয়ে উদ্বিগ্ন বোর্ড কর্তারা। সূত্রের খবর, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম যদি মনে করে বরুণের বিশ্রাম প্রয়োজন, তাহলে কেকেআরকে সেই নির্দেশ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আইপিএলের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে নিজেদের অন্যতম ভরসাযোগ্য বোলারকে না’ও পেতে পারে নাইট শিবির।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News