ওয়েব ডেস্ক : কলম্বো টেস্টে দ্বিতীয় দিনটা কার্যত ভারতের (India) নামেই লিখে রাখল। বৃষ্টির কারণে দীর্ঘ সময় ম্যাচ বন্ধ থাকলেও ভারতীয় ব্যাটারদের দাপটে রানের পাহাড় তৈরি হয়ে যায়। দিনের শেষে ৫০৩ রানে ইনিংস থামিয়ে দেয় ভারত। এরপর বল হাতে নেমেও শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন প্রসিদ্ধ কৃষ্ণ ও মানব সুথার। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় শ্রীলঙ্কার (Srilanka) স্কোর ২ উইকেটে ৮ রান।
ভারতের ইনিংসে দিনের অন্যতম বড় চমক ধ্রুব জুরেল (Dhruv Jurel)। দুর্দান্ত ব্যাটিং করে টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান তুলে নেন ২৫ বছরের এই উইকেটকিপার। বৃষ্টির কারণে ম্যাচে একাধিকবার ছন্দপতন হলেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন জুরেল। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে সিঙ্গল নিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান তিনি। শতরানের পর ডান হাতের জার্সি কিছুটা তুলে ‘জয় জওয়ান, জয় কিষান’ লেখা দেখান তিনি।
আরও খবর : ২২ বছরের অপেক্ষার অবসান, ডার্বিতে মোহনবাগানকে ৪-১ উড়িয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
জুরেলের এই উদযাপনের পিছনে রয়েছে পারিবারিক আবেগও। তাঁর বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। ২০০৮ সালে স্বেচ্ছায় অবসর নেন তিনি। বাবার সেনা-জীবনের প্রতি শ্রদ্ধা জানাতেই শতরানের পর জার্সির মাধ্যমে এই বার্তা দেন জুরেল। এদিকে পন্থও (Risabh Pant) এদিন কম যাননি। চোটের কারণে প্রথম দিন মাঠ ছাড়তে হলেও ব্যান্ডেজ বাঁধা হাতে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় ভারতীয় তারকাকে। লাহিরু কুমারার একটি শর্ট বল ফাইন লেগের দিকে এমন জোরে পুল করেন যে বল স্টেডিয়ামের ছাদ পেরিয়ে বাইরে গিয়ে পড়ে। শেষ পর্যন্ত ৮৯ বলে ৬৩ রান করে ফেরেন পন্থ। এই ইনিংসেই একাধিক মাইলফলক স্পর্শ করেন পন্থ। টেস্টে ছক্কার সংখ্যায় তিনি পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে।
৫২ টেস্টে পন্থের ছক্কা ১০২টি, গিলক্রিস্টের ছিল ১০০টি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের তালিকাতেও শুভমান গিলকে টপকে গিয়েছেন তিনি। পন্থের রান ২৯৪৮, গিলের ২৯১৭। বিদেশের মাটিতে টেস্ট রানেও মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে গিয়েছেন পন্থ। ৩৬ টেস্টে তাঁর সংগ্রহ ২৫৩৪, ধোনির ৪৮ টেস্টে ২৪৯৬।
এদিকে প্রথম দিনেই দেবদত্ত পাড়িক্কল ১১৭ রান করে শতরান করেছিলেন। হাফসেঞ্চুরি এসেছিল শুভমান গিলের ব্যাট থেকেও। দ্বিতীয় দিনে জুরেলের শতরান এবং পন্থের কার্যকর ইনিংসের পর ভারত ৫০৩ রানে ডিক্লেয়ার করে। এরপর মাত্র ৮ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।







