HomeScroll২২ বছরের অপেক্ষার অবসান, ডার্বিতে মোহনবাগানকে ৪-১ উড়িয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
Durand Cup Final

২২ বছরের অপেক্ষার অবসান, ডার্বিতে মোহনবাগানকে ৪-১ উড়িয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

এডমুন্ডের হ্যাটট্রিকের দাপটে রেকর্ড ১৭তম ডুরান্ড কাপ লাল-হলুদের, প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের ভাগ্য লিখে দিল হাবাসের দল

ওয়েব ডেস্ক : ২২ বছরের অপেক্ষার অবসান। যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup Final) চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে (Mohun Bagan) ৪-১ গোলে হারিয়ে ট্রফি জিতল ইস্টবেঙ্গল (East Bengal)। এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতায় এটি লাল-হলুদের ১৭তম খেতাব। শেষবার ২০০৪ সালে ফাইনালে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়েই ডুরান্ড জিতেছিল ইস্টবেঙ্গল। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ফের সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই ট্রফি ঘরে তুলল তারা।

ফাইনালের প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইস্টবেঙ্গল (East Bengal)। ১০ মিনিটে বিপিন সিংয়ের গোলে এগিয়ে যায় লাল-হলুদ। মাঝমাঠে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠেন অধিনায়ক মহম্মদ রশিদ। তাঁর বাড়ানো বল ধরে বক্সের ভিতর থেকে নিখুঁত বাঁ-পায়ের শটে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথকে পরাস্ত করেন বিপিন। মাত্র দুই মিনিট পরেই ব্যবধান বাড়ান এডমুন্ড লালরিন্ডিকা। প্রায় ২০ গজ দূর থেকে তাঁর জোরালো শট কাইথের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়।

এরপরও থামেনি লাল-হলুদের আক্রমণ। ২২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এডমুন্ড (Edmund Lalrindika)। হার্দিক ভাটের কাছ থেকে বল পেয়ে ড্যানিয়েল রামিরেজ তা বাড়িয়ে দেন এডমুন্ডকে। বক্সে ঢুকে কাইথকে কাটিয়ে ফাঁকা গোলে বল ঠেলে দেন তিনি। ৩৩ মিনিটে মনবীর সিং একটি গোল শোধ করে মোহনবাগানকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

আরও খবর : আউট হয়েই শ্রীলঙ্কার পেসারের সঙ্গে তর্কে যশস্বী! মাঠের ঘটনায় বড় শাস্তির আশঙ্কা

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই ফের গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এডমুন্ড (Edmund Lalrindika)। মহম্মদ রশিদের ক্রস থেকে জয় গুপ্তা বল বাড়িয়ে দেন গোলের সামনে। সেখানে উপস্থিত ছিলেন এডমুন্ড। সহজ ট্যাপে নিজের তৃতীয় গোলটি করে ইস্টবেঙ্গলের ব্যবধান ৪-১ করেন তিনি। প্রথম ৪৫ মিনিটেই চার গোল করে কার্যত ফাইনালের ফল নিশ্চিত করে ফেলে হাবাসের দল।

দ্বিতীয়ার্ধে বলের দখল বেশি ছিল মোহনবাগানের হাতে। তবে সেই দখল থেকে প্রয়োজনীয় গোলের সুযোগ তৈরি করতে পারেনি সবুজ-মেরুন। বরং ইস্টবেঙ্গল রক্ষণাত্মক ছন্দে নেমে নিজেদের জায়গা ধরে রাখে এবং প্রতিপক্ষের আক্রমণ সামলে যায়। শেষ পর্যন্ত আর কোনও গোল হয়নি। ৪-১ ব্যবধানেই শেষ হয় কলকাতা ডার্বির ডুরান্ড ফাইনাল।

এই জয়ের মাধ্যমে ২০২৩ সালের ডুরান্ড ফাইনালে মোহনবাগানের কাছে ০-১ গোলে হারের বদলাও নিয়ে নিল ইস্টবেঙ্গল। একইসঙ্গে ডুরান্ড কাপ জয়ের সংখ্যাতেও দুই কলকাতা জায়ান্ট এখন সমান—দু’দলেরই ঝুলিতে ১৭টি করে ট্রফি। ইস্টবেঙ্গলের জন্য অবশ্য এই জয় আরও বিশেষ। ২২ বছর পর ডুরান্ড কাপ ফিরল লাল-হলুদ শিবিরে, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে।

[youtube-feed feed=1]
Read More

Latest News