ওয়েব ডেস্ক : আগুন (Fire) যেন পিছু ছাড়ছে না কলকাতার (Kolkata)। নিউ মার্কেটের পর এবার কলকাতা বিমানবন্দরের কাছে যশোর রোড সংলগ্ন বাঁকড়ায় একটি গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোররাতে আচমকাই শোরুম থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে।
আগুনে (Fire) পুড়ে ছাই হয়ে গিয়েছে শোরুমে থাকা ২২টি গাড়ি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচটি ইঞ্জিন কাজ শুরু করে। আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সেদিকেও নজর রাখছেন দমকলকর্মীরা।
আরও খবর : গার্ডেনরিচে ৩৪০০ কোটির ৫ প্রকল্প, যুদ্ধজাহাজ নির্মাণে বাংলায় বড় পদক্ষেপ
প্রাথমিকভাবে জানা গিয়েছে, শোরুমের ভিতর থেকেই আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। যশোর রোডের মতো ব্যস্ত এলাকায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়েছে। যান চলাচলেও এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শোরুমের ভিতরে মোট কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ঘটনায় কোনও হতাহতের খবর নেই।







