ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও তাঁর বাগদত্তা জর্জিনা রডরিগেজকে ( Georgina Rodríguez) ঘিরে ফের বিয়ের জল্পনা তুঙ্গে। পর্তুগালের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহেই গোপনে নাকি বিয়ে করতে পারেন এই তারকা যুগল। সম্ভাব্য ভেন্যু, অতিথি তালিকা এবং অনুষ্ঠান ঘিরে নানা তথ্য প্রকাশ্যে এলেও, এখনও পর্যন্ত রোনাল্ডো বা জর্জিনা কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য বিয়ের অনুষ্ঠানে বিশ্বের একাধিক তারকা ফুটবলার ও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারেন বলে দাবি করা হয়েছে। অতিথি তালিকায় কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রিও ফার্দিনান্দ, প্যাট্রিক এভ্রা, রডরিগো, রিহানা এবং পিয়ার্স মরগ্যানের নামও উঠে এসেছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আরও খবর : অলিম্পিকে সোনা জিতলেই ১ কোটি টাকা! আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বাড়াল কেন্দ্র
তবে এই জল্পনার মধ্যেই মুখ খুলেছেন রোনাল্ডোর (Cristiano Ronaldo) বোন কাটিয়া আভেইরো। তিনি স্পষ্ট জানিয়েছেন, অদূর ভবিষ্যতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিয়ের কোনও সম্ভাবনা নেই। তাঁর এই মন্তব্যের পর গোপন বিয়ের জল্পনায় অনেকটাই ভাটা পড়েছে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও জর্জিনা রডরিগেজ। রিয়াল মাদ্রিদে খেলার সময় স্পেনে তাঁদের প্রথম পরিচয়। দীর্ঘদিনের এই সম্পর্ক নিয়ে একাধিকবার বিয়ের জল্পনা তৈরি হলেও, এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করা হয়নি।







