ওয়েব ডেস্ক: গ্যালারিতে হাজার হাজার দর্শক; যাঁরা টিকিট পাননি, তাঁদের কেউ বাড়ির ছাদে, কেউ আবার গাছের মগডালে উঠে খেলা দেখছেন। বহুদিন পর বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) ধরা পড়ল এই ছবি। কিন্তু কেন? কারণ এবার এই লিস্ট-এ টুর্নামেন্টে খেলছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মতো কিংবদন্তিরা। দেশের তরুণদের সঙ্গে কিংবদন্তিদের মিলিয়ে দিয়েছে এই ঘরোয়া টুর্নামেন্ট।
এখন প্রশ্ন হচ্ছে, বিজয় হাজারে ট্রফিতে খেললে কত বেতন পান ক্রিকেটাররা? এক্ষেত্রে বিরাট, রোহিতদের থেকে কি কম বেতন পান অনামি ক্রিকেটাররা? তথ্য বলছে, বিজয় হাজারে ট্রফিতে ক্রিকেটারদের ম্যাচ ফি নির্ভর করে তাঁরা কতগুলি লিস্ট-এ ম্যাচ খেলেছেন তার উপর। অর্থাৎ, অভিজ্ঞতা যত বেশি, আয়ও তত বেশি।
আরও পড়ুন: এলিটদের তালিকায় ব্রেট লি! গতিতারকাকে কী পুরস্কার দিল অস্ট্রেলিয়া?
এই টুর্নামেন্টে সিনিয়র অর্থাৎ যাঁরা ৪০-টির বেশি লিস্ট-এ ম্যাচ খেলেছেন, তাঁরা প্লেয়িং ইলেভেনে থাকলে ম্যাচ প্রতি পান ৬০,০০০ টাকা, রিজার্ভ বেঞ্চে থাকলে পান ৩০,০০০ টাকা। রোহিত ও বিরাট এই ক্যাটাগরিতে পড়েন। এদিকে যেসব ক্রিকেটার ২১ থেকে ৪০ টি ম্যাচ খেলেছেন তাঁরা মাঠে নামলে ম্যাচ প্রতি পান ৫০,০০০ টাকা, রিজার্ভে থাকলে পান ২৫,০০০ টাকা। যাঁরা ২০-টির কম ম্যাচ খেলেছেন, তাঁরা প্রথম একাদশে থাকলে ম্যাচ প্রতি পান ৪০,০০০ টাকা, রিজার্ভে থাকলে পান ২০,০০০ টাকা।
তবে শুধু ম্যাচ ফি নয়, বিজয় হাজারে খেলে আরও অনেকভাবে রোজগার করেন ক্রিকেটাররা। সফর, থাকা খাওয়া বাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয়। সেই সঙ্গে ম্যাচের সেরা হলে প্রায় ১০,০০০ পারফরম্যান্স বোনাস দেওয়া হয়। পাশাপাশি দল নকআউট বা ফাইনালে পৌঁছলে আরও কিছু টাকা পান ক্রিকেটাররা।
দেখুন আরও খবর:







