কলকাতা: বারাকপুরের (Barrackpore) স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে বৃহস্পতিবার আয়োজিত রাজ্য পুলিশের ঐতিহ্যবাহী ‘বড়া খানা’ অনুষ্ঠানে প্রথম বার যোগ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুলিশকর্মীদের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং তাঁদের উদ্দেশে মনোবল বাড়ানোর বার্তা দেন।
দুপুরে অ্যাকাডেমিতে পৌঁছলে মুখ্যমন্ত্রীকে ‘গার্ড অফ অনার’ জানানো হয়। এরপর পুলিশ আধিকারিক ও কর্মীদের সঙ্গে একই সারিতে বসে মধ্যাহ্নভোজ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা-সহ পুলিশের শীর্ষ আধিকারিকেরা।
আরও পড়ুন বন্ধ ঘর থেকে মিলল বৃদ্ধ দম্পতির দেহ, সল্টলেকে রহস্যঘেরা মৃত্যুর তদন্তে পুলিশ
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও রাজ্য পুলিশ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। দুর্নীতি দমন থেকে আইনশৃঙ্খলা রক্ষা— প্রতিটি ক্ষেত্রেই পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করলেও তাঁর আশা, পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী দেশের অন্যতম সেরা বাহিনীতে পরিণত হবে।
পুলিশকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠুক এ রাজ্যে, এটাই আমার প্রত্যাশা। আপনারা পারবেন, সেই বিশ্বাস আমার রয়েছে।” একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, পুলিশমন্ত্রী হিসেবে তিনি সবসময় পুলিশ বাহিনীর পাশে রয়েছেন। তাঁর কথায়, “জানবেন, পুলিশমন্ত্রী পুলিশের পাশেই আছে।”
প্রতি বছর রাজ্য পুলিশের উদ্যোগে ‘বড়া খানা’র আয়োজন করা হয়। এ বছর মূলত ২০২২ সালের উত্তীর্ণ ব্যাচের পুলিশকর্মীদের সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে। সেই উপলক্ষেই আয়োজিত মধ্যাহ্নভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশ বাহিনীর সঙ্গে সরাসরি সময় কাটান মুখ্যমন্ত্রী। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি বাহিনীর মনোবল আরও দৃঢ় করাই ছিল এই সফরের অন্যতম বার্তা বলে মনে করছে প্রশাসনিক মহল।







