HomeScrollরাস্তা ছেড়ে ফুটপাতে ঐতিহ্যবাহী মঙ্গলাহাট! সরকারের পদক্ষেপে কী বলছে ব্যবসায়ী মহল?
Mangalahat

রাস্তা ছেড়ে ফুটপাতে ঐতিহ্যবাহী মঙ্গলাহাট! সরকারের পদক্ষেপে কী বলছে ব্যবসায়ী মহল?

নতুন নির্দেশে বদলে গেল শতাধিক বছরের ঐতিহ্যবাহী মঙ্গলাহাটের চেহারা

হাওড়া: পালাবদলের পর থেকেই একাধিক নজরকাড়া পদক্ষেপ নিয়েছে রাজ্যের নতুন সরকার। এবার প্রশাসনের নতুন নির্দেশে বদলে গেল শতাধিক বছরের ঐতিহ্যবাহী মঙ্গলাহাটের (Mangalahat) চেহারা। মঙ্গলবার থেকে হাওড়া ময়দান (Howrah Maidan) এলাকায় রাস্তার বদলে ফুটপাতে বসতে দেখা গেল অধিকাংশ ব্যবসায়ীকে। ফলে দীর্ঘদিনের যানজট (Traffic Jam) সমস্যার অনেকটাই সমাধান হয়েছে বলে মনে করছে প্রশাসন ও সাধারণ মানুষ।

প্রতি মঙ্গলবার ভোর থেকে হাওড়া শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দান এলাকায় বসে বিখ্যাত মঙ্গলাহাট। সোমবার রাত থেকেই শুরু হয় প্রস্তুতি। ভোর চারটে থেকে সকাল ন’টা পর্যন্ত প্রায় ২৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী রাস্তা ও ফুটপাত জুড়ে ব্যবসা করেন। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসেন এই হাটে।

আরও পড়ুন: শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে চলল বুলডোজার, উপড়ে ফেলা হল হোটেল, রিসোর্ট

কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, হাওড়া জেলা হাসপাতাল, জেলাশাসকের অফিস, হাওড়া পুরসভা, মহাত্মা গান্ধী রোড, জিটি রোড-সহ গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এমনকি অ্যাম্বুলেন্স চলাচলেও সমস্যা দেখা দিত। সেই পরিস্থিতি সামাল দিতেই নড়েচড়ে বসে হাওড়া সিটি পুলিশ ও জেলা প্রশাসন। সোমবার মঙ্গলাহাটের সাতটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন ট্রাফিক বিভাগের আধিকারিকরা। বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এবার থেকে রাস্তায় নয়, শুধুমাত্র ফুটপাতে বসেই ব্যবসা করতে হবে। গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না।

মঙ্গলবার সকালে সেই নির্দেশেরই প্রতিফলন দেখা যায়। অধিকাংশ ব্যবসায়ীকে রেলিংয়ের ভিতরের ফুটপাতে বসে ব্যবসা করতে দেখা যায়। ফলে রাস্তা অনেকটাই ফাঁকা থাকায় যান চলাচল স্বাভাবিক হয় এবং গাড়ির গতিও বাড়ে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে ফুটপাতে বসার আবেদন জানানো হয়। পুলিশের এই পদক্ষেপে খুশি ব্যবসায়ীদের একাংশও। তাঁদের বক্তব্য, গাড়ি আটকে ব্যবসা করা তাঁদের উদ্দেশ্য নয়।

তবে জায়গা কমে যাওয়ায় খদ্দেরদের পছন্দমতো জিনিস দেখাতে কিছুটা সমস্যা হয়েছে। পাশাপাশি, গরম ও প্রশাসনিক কড়াকড়ির কারণে বাইরের জেলার ক্রেতাও তুলনামূলক কম এসেছেন বলে দাবি ব্যবসায়ীদের। ফলে বিক্রিবাটাও কম হয়েছে। তবে নতুন ব্যবস্থায় মঙ্গলাহাটে আগের তুলনায় বিশৃঙ্খলা ও নানা উৎপাত কমেছে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। তাই প্রশাসনের সঙ্গে সহযোগিতার বার্তাও দিয়েছেন তাঁরা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News