ওয়েব ডেস্ক: কেবল ই-চালান (E-challan) জারি করাই যথেষ্ট নয় এবং এগুলো আদায় করতে দৃঢ় পদক্ষেপ করতে হবে বলে মত প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুনানিকালে বিচারপতি জেবি পারদিওয়ালা (JB Pardiwala) বলেন, মানুষ যদি ট্রাফিক জরিমানা পরিশোধ না করে, তবে বিদ্যুৎ বিলসহ অন্যান্য সরকারি বকেয়া পাওনার সাথে এই জরিমানার অর্থ যুক্ত করে তা আদায়ের উপায় বিবেচনা করা যেতে পারে।
‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি বলেন, “মানুষ যদি ট্রাফিক জরিমানার অর্থ পরিশোধ না করে, তবে সেই বকেয়া তাদের বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করে দিন। তাদের বিদ্যুৎ বিল তো দিতেই হবে, তা না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এর একটা উপায় বের করুন। এই দেশে আপনাকে কোনও না কোনও পথ খুঁজে বের করতেই হবে।”
আরও পড়ুন: ষষ্ঠ শ্রেণিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা থেকে অব্যাহতি দিতে সুপ্রিম নির্দেশ
শীর্ষ আদালতকে জানানো হয়েছিল, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৪৫ হাজার কোটি টাকার ই-চালান সংক্রান্ত বকেয়া রয়েছে, যার মধ্যে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার কোটি টাকা আদায় করা হয়েছে।
বিচারপতি পারদিওয়ালা বলেন, কর্তৃপক্ষকে বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখেই পদক্ষেপ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, পুলিশ হয়তো হাজার হাজার বা এমনকী লক্ষ লক্ষ ই-চালান জারি করতে পারে, কিন্তু আসল সমস্যা হল এর মাধ্যমে ধার্য করা জরিমানা আদায় করা।
আদালত জানিয়েছে যে, যেসব গাড়ির ক্ষেত্রে ট্রাফিক চালান বকেয়া রয়েছে, সেগুলোর রেজিস্ট্রেশন নবীকরণ আটকে দেওয়ার মতো পদক্ষেপের কথা বিবেচনা করা যেতে পারে। আদালত আরও বলেছে, এ ধরনের ক্ষেত্রে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ইস্যু করা বন্ধ করা এবং গাড়িগুলোর মালিকানা হস্তান্তরও আটকে দেওয়া যেতে পারে।







