ওয়েব ডেস্ক : পরিত্যক্ত রেল কামরার ভিতর থেকে উদ্ধার হয়েছিল ৫৪ বছর বয়সি এক মহিলার দেহ। পরিচয় জানার মতো কোনও সূত্র প্রথমে হাতে ছিল না পুলিশের। শেষ পর্যন্ত তাঁর হাতে থাকা সাপের নকশার একটি সোনার আংটিই হয়ে উঠল তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। আংটির হলমার্কের তথ্য ধরে গয়নার উৎস খুঁজে বের করেন তদন্তকারীরা। সেই সূত্রেই মহিলার পরিচয় জানতে পারে পুলিশ। তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার নাগেরকোইল রেল ইয়ার্ডে এই ঘটনা ঘটেছে।
গত ১৩ নভেম্বর মধ্যরাতে রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি অব্যবহৃত কামরার ভিতরে ওই মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। অন্য ট্রেনে ব্যবহারের জন্য কামরাটি পরিষ্কার করতে গিয়ে রেলকর্মীরা দেহটি দেখতে পান। পরিচয় শনাক্ত করার মতো কোনও নথি না মেলায় আংটির উপরেই নজর দেন তদন্তকারীরা। রেল পুলিশের এসপি আদর্শ পাচেরার জানিয়েছেন, হলমার্কের তথ্য থেকে গয়নার উৎস গুজরাটে বলে জানা যায়। সেখানকার বিক্রেতার সূত্র ধরে পুলিশ পৌঁছয় ছত্তীসগঢ়ের রায়পুরের এক গয়না বিক্রেতার কাছে। পরে মহিলার প্যান কার্ডের তথ্য এবং গয়না কেনার সময় দেওয়া মধ্যপ্রদেশের ঠিকানাও উদ্ধার হয়। সেখান থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। জানা গিয়েছে, গত তিন মাস ধরে নিজের শহরে নিখোঁজ ছিলেন ওই মহিলা। তাঁর স্বামী ও সন্তানরা কন্যাকুমারীর উদ্দেশে রওনা দিয়েছেন।
আরও খবর : নিট প্রশ্নফাঁস মামলায় ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন! ২৫ নভেম্বর থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া
অন্যদিকে, ধর্ষণ ও খুনের তদন্তেও দ্রুত সাফল্য পেয়েছে পুলিশ। তদন্ত শুরুর ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রথমে তিনজনকে সন্দেহের তালিকায় রাখেন তদন্তকারীরা। রেল স্টেশনের সিসিটিভি ফুটেজে সাদা পোশাক পরা এক ব্যক্তিকে কামরা থেকে বেরোতে দেখা যায়। তাঁকে জিজ্ঞাসাবাদের পরই অপরাধের কথা স্বীকার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভিক্ষা করে স্টেশন চত্বরে ঘোরাফেরা করত। এর আগে কয়েকবার ওই মহিলার সঙ্গে তার দেখা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। অভিযোগ, মহিলাকে অব্যবহৃত কামরায় নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ ও পরে খুন করে সে। অভিযুক্তের রক্তমাখা জামাও উদ্ধার করেছে পুলিশ। সেটি একটি নালায় ফেলে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ এবং ধর্ষণের অভিযোগ নিশ্চিত করতে দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। প্রাথমিক পরীক্ষায় মহিলার পাঁজরের হাড় ভাঙার চিহ্ন মিলেছে। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত জানিয়েছে, কোনও অস্ত্র ব্যবহার করেনি সে। হাত দিয়ে আঘাত এবং বুকে লাথি মেরে মহিলাকে খুন করেছে বলে অভিযোগ। দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তকে গ্রেফতার করায় তামিলনাড়ু রেল পুলিশের ডিজিপি কে ভানিয়া পেরুমল তদন্তকারী দল এবং বিশেষ করে রেল পুলিশের এসপি আদর্শ পাচেরার প্রশংসা করেছেন।







