ওয়েব ডেস্ক : ৮৯ বছর ধরে বন্ধ রয়েছে আচার্য জগদীশচন্দ্র বসুর (Jagadish Chandra Bose) লোহার সিন্দুক। সময়ের সঙ্গে সিন্দুকটির বাইরের চেহারায় রঙের প্রলেপ পড়েছে। কিন্তু ভিতরে কী রয়েছে, তা জানার সুযোগ হয়নি কারও। এবার সেই দীর্ঘদিনের রহস্যের অবসান ঘটতে পারে। ঝাড়খণ্ড হাই কোর্টের পর্যবেক্ষণ, সিন্দুকটি খোলার উপযুক্ত সময় এসে গিয়েছে। আদালতের এই মন্তব্যের পর বিজ্ঞানীর স্মৃতিবিজড়িত সিন্দুক ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
১৯৩৭ সালের ২৩ নভেম্বর গিরিডির বরগন্ডায় ‘শান্তি ভবন’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগদীশচন্দ্র বসু। তাঁর মৃত্যুর পর থেকেই ওই বাড়িতে রয়ে গিয়েছে লোহার সিন্দুকটি। পরবর্তী সময়ে বাড়িটিকে ‘জে সি বসু স্মারক জেলা বিজ্ঞান কেন্দ্র’ হিসেবে গড়ে তোলা হয়। তবে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ সেখানে কার্যত সীমিত। বর্তমানে ঝাড়খণ্ড ক্রীড়া ভবনের তত্ত্বাবধানে থাকা ঐতিহাসিক বাড়িটির অবস্থাও বেশ খারাপ।
আরও খবর : নিট প্রশ্নফাঁস মামলায় ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন! ২৫ নভেম্বর থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া
ভবনটির বেহাল দশার বিষয়টি সামনে আসার পর স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা গ্রহণ করে ঝাড়খণ্ড হাই কোর্ট। গত ১৮ নভেম্বর বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ ভবনটির সংস্কারের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির নির্দেশ দেয়। রাজ্যের পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি গিরিডির ডেপুটি কমিশনারের কাছেও জবাব চেয়েছে আদালত। শুনানিতে বিচারপতিদের পর্যবেক্ষণ, সিন্দুকের ভিতরে বিজ্ঞানীর গবেষণার গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। সেইসব নথি উদ্ধার করা গেলে বিজ্ঞানচর্চার জগৎ উপকৃত হতে পারে।
এর আগেও সিন্দুকটি খোলার চেষ্টা হয়েছিল। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের গিরিডি সফরের সময় সেটি খোলার পরিকল্পনা ছিল। কিন্তু কোনও কারণে তাঁর সফর বাতিল হয়ে যায়।







