HomeScrollমহারাষ্ট্রে ফের বিজেপিকে ধাক্কা শিন্ডে সেনার! সাংলি ও সাতারার সমবায় ব্যাঙ্কের ক্ষমতা...
Shiv Sena

মহারাষ্ট্রে ফের বিজেপিকে ধাক্কা শিন্ডে সেনার! সাংলি ও সাতারার সমবায় ব্যাঙ্কের ক্ষমতা দখলে বিরোধীদের সঙ্গে জোট

মহাযুতি জোটে ফের অস্বস্তি, সাংলিতে কংগ্রেস এবং সাতারায় অজিত পাওয়ারের এনসিপির সঙ্গে হাত মিলিয়ে ব্যাঙ্কের শীর্ষ পদ দখল একনাথ শিন্ডের দলের

ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রের (Maharastra) শাসক মহাযুতি জোটে ফের প্রকাশ্যে এল বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনার মধ্যে মতবিরোধ। রাজ্যের দুই গুরুত্বপূর্ণ জেলা সমবায় ব্যাঙ্কের শীর্ষ পদে বিজেপিকে বসতে না দিতে বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়েছে শিন্ডে সেনা। সাংলিতে কংগ্রেসের সঙ্গে এবং সাতারায় প্রয়াত অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির সঙ্গে জোট বেঁধে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ নিজেদের দখলে নিয়েছে তারা। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক জোটের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাংলি জেলা সমবায় ব্যাঙ্কের পরিচালন পর্ষদে মোট ২১ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে কংগ্রেসের ছয়, শরদ পাওয়ারের এনসিপির পাঁচ, বিজেপির পাঁচ, শিন্ডে সেনার তিন এবং অজিত পাওয়ারের এনসিপির দু’জন প্রতিনিধি রয়েছেন। এই সমীকরণে কংগ্রেস ও শিন্ডে সেনা একজোট হওয়ায় বিজেপির পক্ষে শীর্ষ পদ দখল করা সম্ভব হয়নি। কংগ্রেসের মহেন্দ্র লাড চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান হয়েছেন শিন্ডে সেনার তানাজি পাটিল। এর ফলে দীর্ঘ ২২ বছর পর সাংলি জেলা সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ফিরল কংগ্রেস।

আরও খবর :  পাকিস্তানের মন্ত্রীকে তাজমহল ঘুরে দেখার ছাড়পত্র দিল কেন্দ্র

সাতারার সমবায় ব্যাঙ্কেও একই ধরনের রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। সেখানে পরিচালন পর্ষদের ২১ জন সদস্যের মধ্যে বিজেপির নয়জন, অজিত পাওয়ারের এনসিপির আটজন এবং শিন্ডে সেনার চারজন প্রতিনিধি রয়েছেন। পর্ষদে বিজেপির সদস্যসংখ্যা সবচেয়ে বেশি হলেও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জায়গা করতে পারেনি তারা। অজিত পাওয়ারের এনসিপির উদয়সিং পাটিল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান হয়েছেন শিন্ডে সেনার দীপক চভন। এই সমঝোতার পিছনে এনসিপি নেতা তথা মন্ত্রী মকরন্দ পাটিল এবং শিন্ডে সেনার মন্ত্রী শম্ভুরাজ দেশাইয়ের ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে।

রাজনৈতিকভাবে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, দুই সমবায় ব্যাঙ্কের নির্বাচনেই বিজেপি ও শিন্ডে সেনা একসঙ্গে লড়েছিল। কিন্তু চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের সময় দুই দল আলাদা অবস্থান নেয়। স্থানীয় স্তরে ক্ষমতার সমীকরণই শেষ পর্যন্ত জোটের অঙ্ককে ছাপিয়ে গিয়েছে। এর আগে জেলা পরিষদ নির্বাচনেও বিজেপির বিরুদ্ধে শিন্ডে সেনাকে উপেক্ষা করার অভিযোগ উঠেছিল। সদস্যসংখ্যা বেশি থাকা সত্ত্বেও শিন্ডে সেনাকে গুরুত্ব দেওয়া হয়নি বলে দলের একাংশের অভিযোগ।

সম্প্রতি বিধান পরিষদের নির্বাচনেও বিজেপি ও শিন্ডে সেনার মধ্যে মতপার্থক্য সামনে আসে। বিজেপি তিনটি আসনে প্রার্থী দিলেও জয় পায় মাত্র একটিতে। পুণেতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শিন্ডে সেনা নিজেদের প্রার্থী দাঁড় করায়। অন্যদিকে সম্ভাজিনগরে অজিত পাওয়ারের এনসিপি প্রার্থীর বিরুদ্ধে শরদ পাওয়ারের এনসিপি প্রার্থীকে সমর্থন করে শিন্ডে সেনা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মহাযুতি সরকারের শরিক হলেও বিজেপি ও শিন্ডে সেনার মধ্যে নিজেদের রাজনৈতিক জমি ধরে রাখার প্রতিযোগিতা বাড়ছে। সাংলি ও সাতারার সমবায় ব্যাঙ্কের সাম্প্রতিক ঘটনা সেই দূরত্বকে আরও স্পষ্ট করেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News