কলকাতা: কেন্দ্রের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে নাম না থাকলেও চিকিৎসার খরচ নিয়ে আর উদ্বেগে থাকতে হবে না বহু রাজ্যবাসীকে। পশ্চিমবঙ্গ সরকার চালু করল ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। সোমবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।
তবে সব নাগরিক এই প্রকল্পের আওতায় আসবেন না। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি হলে এই স্বাস্থ্যবিমার সুবিধা মিলবে না। একই সঙ্গে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম, ২০০৮-এর আওতাভুক্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধাভোগী কেন্দ্রীয় সরকারি কর্মী, গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্সের আওতাভুক্ত ব্যক্তি এবং সরকারি মেডিক্যাল অ্যালাওয়েন্সপ্রাপ্ত কর্মীরাও এই প্রকল্পের বাইরে থাকবেন।a
আরও পড়ুন: হাওড়ায় চালু ২৪ নম্বর প্ল্যাটফর্ম!
এ ছাড়া, পরিবারের কোনও সদস্যের বয়স ৭০ বছরের বেশি হলে তিনি এই প্রকল্পের আওতায় আসবেন না। কারণ, ওই বয়সের নাগরিকরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি, এসআইআরে (SIR) নাম বাদ পড়া ব্যক্তিরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েনের জেরে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্যকর হয়নি। সেই সময় রাজ্যে চালু হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। পরবর্তীতে আয়ুষ্মান ভারত চালু হওয়ার পাশাপাশি, যাঁরা সেই প্রকল্পের আওতার বাইরে রয়েছেন, তাঁদের চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করতেই নতুন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফলে স্বাস্থ্য পরিষেবার আওতা আরও বিস্তৃত হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।







