ওয়েব ডেস্ক : গ্রামীণ এলাকায় পঞ্চায়েত কর (Panchayat Tax) ১,২০০ টাকা করা হয়েছ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমনই এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানাল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়েছে, পরিবারপিছু পঞ্চায়েত কর বাড়ানোর কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার নেয়নি। ফলে আগের নিয়মেই কর আদায়ের প্রক্রিয়া চলবে।
জানা গিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশিকাকে ভুলভাবে ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, পঞ্চায়েত করের ন্যূনতম পরিমাণ ১,২০০ টাকা করা হয়েছে। সরকার জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
আরও খবর : রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ, বনগাঁয় হানা মন্ত্রী অশোক কীর্তনিয়ার
বিষয়টি নজরে আসার পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর (Panchayat and Rural Development Department) সংশ্লিষ্ট এসওপি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে দফতরের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।
সরকার আরও জানিয়েছে, বর্তমানে পঞ্চায়েত কর আদায়ের ক্ষেত্রে কোনও নতুন নিয়ম কার্যকর হয়নি। আগে যে বিধি ও প্রক্রিয়া চালু ছিল, আপাতত সেই নিয়মেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কর আদায় চলবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। সরকারি অনুমোদন ছাড়া কেউ কর বৃদ্ধি হয়েছে বলে দাবি করলে তা বিশ্বাস না করারও পরামর্শ দেওয়া হয়েছে।







