কলকাতা: কলকাতা (Kolkata) ও শহরতলিতে গত কয়েক দিনের ঝড়বৃষ্টির পর আপাতত কিছুটা স্বস্তি মিলেছে। তবে পুরোপুরি রেহাই নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে (Weather Update)। সপ্তাহের মধ্যেই ফের কালবৈশাখীর (Kalbaisakhi) সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতির ইঙ্গিত।
আরও পড়ুন: ‘বিজেপিকেই চাই’ তৃণমূল প্রার্থীর আত্মীয়ের মুখে বিস্ফোরক মন্তব্য
উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস। রবিবার, সোমবার ও বুধবার হলুদ সতর্কতা, আর মঙ্গলবার জারি হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সেখানে ঝড়ের গতি ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রাতেও ওঠানামা চলবে। দক্ষিণবঙ্গে ২-৪ ডিগ্রি কমার পর ফের বাড়বে, উত্তরবঙ্গেও একই প্রবণতা দেখা যাবে। এদিকে উপকূলবর্তী এলাকায় সমুদ্রে ঝোড়ো হাওয়ার কারণে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







