HomeScrollমমতার কাছে ‘না’, শুভেন্দুর উপরেই আস্থা হালিশহরের মৃতের পরিবারের! স্ত্রীকে চাকরি, ১০...
Halisahar

মমতার কাছে ‘না’, শুভেন্দুর উপরেই আস্থা হালিশহরের মৃতের পরিবারের! স্ত্রীকে চাকরি, ১০ লক্ষ ক্ষতিপূরণ

আইসি ক্লোজ, IO সাসপেন্ড, মৃতের স্ত্রীকে চাকরি ও পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা শুভেন্দুর

হালিশহর: হালিশহরে (Halisahar) পুলিশি হেফাজতে তৃণমূল (TMC) কর্মীর মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বড় পদক্ষেপ রাজ্য সরকারের। সোমবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন মন্ত্রী অর্জুন সিং এবং রাজ্য পুলিশের ডিজিপি। পরিবারের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী জানান, থানার আইসি-কে ক্লোজ করা হচ্ছে এবং তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, মৃতের পরিবার পুলিশের উপরেই আস্থা রেখেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাড়িতে গেলেও পরিবারের সঙ্গে তাঁর দেখা হয়নি। মৃতের দাদা স্থানীয় প্রশাসনের কাছেই বিচার চেয়েছিলেন বলে জানান শুভেন্দু।

আরও খবর : দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

মৃতের পরিবারের তরফে মূলত দু’টি দাবি জানানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। প্রথমত, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা। দ্বিতীয়ত, পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারানোর পরে স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যতের নিশ্চয়তা। শুভেন্দুর দাবি, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ এবং শরীরে আঘাতের মাত্রা স্পষ্ট হবে। তবে পুলিশের গাফিলতি প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে বলেই তাঁর বক্তব্য।

মৃতের স্ত্রীকে সরকারি চাকরির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত তাঁকে মুখ্যমন্ত্রীর দফতরের ‘অ্যাটেনডেন্ট’ পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি। এক বছর পরে গ্রুপ ডি পদে স্থায়ী চাকরি দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে পরিবারকে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে আগের দিনের উত্তেজনা নিয়েও মুখ খোলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মমতা পুলিশকে আগে না জানিয়ে হালিশহরে গিয়েছিলেন। যদিও মমতার নিরাপত্তায় কোনও কাটছাঁট করা হয়নি বলেই দাবি তাঁর।

মৃতের স্ত্রী অবশ্য স্পষ্ট জানিয়েছেন, তাঁর একমাত্র দাবি বিচার। তাঁর অভিযোগ, যাঁরা তাঁর স্বামীকে লকআপে ‘খুন’ করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তদন্তের আশ্বাসে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখার কথাও জানিয়েছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News