HomeScrollরাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু
North Bengal

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

ফুঁসছে বালাসন নদী। বেইলি ব্রিজ দিয়ে আপাতত ছোট গাড়ি চলাচল করলেও বন্ধ বড় যান। সঙ্গে ধসের আশঙ্কা, উদ্বেগে স্থানীয় ও পর্যটকরা।

ওয়েব ডেস্ক : রাতভর বৃষ্টির পর ফের বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গে (North Bengal)। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে (Rain) দ্রুত বাড়তে থাকে বালাসন নদীর জল। নদীর প্রবল স্রোতের ধাক্কায় ফের ভেসে গেল দুধিয়ার অস্থায়ী হিউমপাইপ সেতু। ফলে শিলিগুড়ি থেকে মিরিকের সড়ক যোগাযোগ কার্যত থমকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে আপাতত বেইলি ব্রিজের উপর দিয়ে ছোট গাড়ি চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। তবে বড় গাড়ির ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে মিরিকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষ করে পর্যটনের মরশুমে এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন পর্যটকরা।

আরও খবর : বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, শুভেন্দুর হুঁশিয়ারির পরেই গ্রেফতার কংগ্রেস নেতা    

দুধিয়ার এই সেতু ভেঙে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। গত জুলাইয়েও প্রবল বৃষ্টি (Rain) এবং ফুলবাড়ি ব্যারেজের জল ছাড়ার পর বালাসন নদীর জলস্তর বেড়ে যায়। প্রবল স্রোতে সেই সময়ও অস্থায়ী সেতুটি ভেসে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল শিলিগুড়ি-মিরিক যোগাযোগ। পরে দ্রুততার সঙ্গে শুরু হয় মেরামতির কাজ। একইসঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ভারতীয় সেনার উদ্যোগে তৈরি করা হয় বেইলি ব্রিজ। কিন্তু দেড় মাসের মধ্যেই ফের একই বিপত্তি।

শুধু সেতু নয়, পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও বাড়ছে। একটানা বৃষ্টির জেরে পাহাড়ের বিভিন্ন অংশে মাটি আলগা হয়ে যাওয়ায় নতুন করে ধস নামার আশঙ্কা রয়েছে। ফলে রাস্তায় চলাচল করা মানুষজনকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি সরে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News