কলকাতা: রাজ্যের বেসরকারি স্কুলগুলির উপর নজরদারি আরও জোরদার করতে বড় পদক্ষেপ করল স্কুল শিক্ষা দফতর। এবার থেকে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলের পরিদর্শনের রিপোর্ট প্রতি মাসে জমা দিতে হবে। জেলার বিদ্যালয় পরিদর্শকদের ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে বলে শিক্ষা দফতর সূত্রে খবর (West Bengal Private Schools)।
সম্প্রতি বিকাশ ভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে শিক্ষাব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই বেসরকারি স্কুলগুলির অডিট করার কথাও জানানো হয়েছিল। সেই ঘোষণার পরেই মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার এক
শিক্ষা দপ্তর সূত্রের খবর, ইউডিআইএসই (UDISE) পোর্টাল, বাংলা শিক্ষা পোর্টাল এবং জেলা অফিসের নথির সঙ্গে মিলিয়ে স্কুলগুলির তথ্য যাচাই করা হবে। সরকারি আধিকারিকেরা সরেজমিনে স্কুল পরিদর্শন করবেন। পরিদর্শনের সময় কোনও স্কুল কর্তৃপক্ষ বাধা দিলে প্রয়োজন হলে পুলিশের সাহায্যও নেওয়া হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।
পরিদর্শনের সমস্ত তথ্য এম-পরিদর্শন (M-Paridarshan) অ্যাপে জিও-ট্যাগ করা ছবি-সহ আপলোড করতে হবে। বিশেষ নজরে থাকবে এমন বেসরকারি স্কুল, যেগুলি সরকারি স্বীকৃতি বা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) ছাড়াই পরিচালিত হচ্ছে। চিহ্নিত স্কুলগুলিকে পরে গুগল ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। জমা দেওয়া তথ্যের সত্যতা সরকার আলাদা করে যাচাই করবে।
সূত্রের দাবি, প্রতি সপ্তাহে প্রতিটি জেলা বিদ্যালয় পরিদর্শককে অন্তত একটি বেসরকারি স্কুল পরিদর্শন করতে হবে। অগ্রাধিকার দেওয়া হবে যেসব স্কুলে ছাত্রভর্তির হার শূন্য, ইউডিআইএসই-তে ভুল তথ্য রয়েছে অথবা যেগুলির স্বীকৃতি নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি শিক্ষক-ছাত্র অনুপাত, পরিকাঠামো, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তা, পানীয় জল, শৌচাগার, ল্যাবরেটরি, লাইব্রেরি, শিশু সুরক্ষা এবং শিক্ষার অধিকার আইন (RTE) মেনে চলা হচ্ছে কি না, সেই সব বিষয়ও খতিয়ে দেখা হবে।







