কলকাতা: রাজ্যে ঢুকেছে বর্ষা (Monsoon)। উত্তর থেকে দক্ষিণ- প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি (Heavy Rain) হয়েছে গত সপ্তাহে। ছুটির দিনেও একইরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Today)। আজ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস (Weather Forecast) মিলেছে। দক্ষিণবঙ্গের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা, অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল (Red Alert) ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি পঞ্জাব থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এখনও বজায় রয়েছে। নিম্ন ট্রপোস্ফিয়ারে পশ্চিমা বায়ুর অক্ষরেখাও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন: ‘হারিয়ে যাওয়া সংস্কৃতি নতুন করে ফিরিয়ে দিলেন, যোগ দিবসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। তবে শুধু এই চার জেলা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে যোগ দিবসের বিভিন্ন কর্মসূচি এবং ছুটির দিনের বাইরে বেরোনোর পরিকল্পনায় আবহাওয়ার প্রভাব পড়তে পারে।
এদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) পরিস্থিতি আরও উদ্বেগজনক। বর্ষার দাপটে কার্যত ভিজছে পাহাড় ও ডুয়ার্স। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দফতরের মতে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।
সোমবারও আবহাওয়ার বিশেষ পরিবর্তনের ইঙ্গিত নেই। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেখুন আরও খবর:







