কলকাতা: প্রায় ৪৮ ঘণ্টার উদ্বেগ, জল্পনা আর খোঁজাখুঁজির অবসান। বাড়ি ফিরেছেন হাওড়ার (Howrah) তরুণ রাইফেল শুটার দময়ন্তী সেন (Dayamanti Sen)। তাঁকে ঘিরে নিখোঁজ রহস্যের প্রাথমিক তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। পুলিশের দাবি, পড়াশোনা ও খেলাধুলার চাপ থেকেই মানসিক উদ্বেগ বাড়ছিল দময়ন্তীর। সেই কারণেই আচমকা বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি বলে প্রাথমিক জেরায় জানিয়েছেন ওই কিশোরী।
পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে দময়ন্তীকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত দু’দিনে বাড়ি ফেরার আগে একাধিক জায়গায় ঘুরে বেড়িয়েছেন। তাঁর এই বক্তব্যের সত্যতা যাচাই করছে তদন্তকারী দল। পাশাপাশি নিখোঁজ থাকার সময় তাঁর গতিবিধির খুঁটিনাটি তথ্যও সংগ্রহ করা হচ্ছে।
আরও পড়ুন: মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা!
গত বৃহস্পতিবার সকালে মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়েছিলেন বছর পনেরোর দময়ন্তী। তাঁর কাছে ছিল না মোবাইল ফোন বা টাকা। কিছুক্ষণ পর বাবার সঙ্গে অনুশীলনে যাওয়ার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের পক্ষ থেকে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার তদন্তে নামে হাওড়া সিটি পুলিশ।
তদন্ত চলাকালীন বিভিন্ন সূত্রে জানা যায়, দময়ন্তীকে হাওড়া স্টেশন, শ্রীরামপুর স্টেশন এবং পরে মাহেশের রথের মেলায় দেখা গিয়েছিল। তাঁকে খুঁজতে চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। হাওড়া ছাড়াও রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালানো হয়। পরিবারের কাছ থেকেও সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
অবশেষে শনিবার ভোরে দময়ন্তীকে নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারে। তবে কেন তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং নিখোঁজ থাকার পুরো সময়ে কোথায় ছিলেন, তা নিয়ে তদন্ত এখনও চলছে। পুলিশের দাবি, সমস্ত দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো হবে।







