কলকাতা: বর্ষা এখনও বিদায় নেয়নি পশ্চিমবঙ্গ থেকে। তার উপর সাগরে তৈরি হওয়া নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা (Weather Update)। বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে (Rain Foreast)।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার দু-একটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই কারণে কয়েকটি এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এর মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় পরিস্থিতি তুলনামূলক বেশি প্রতিকূল হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
শুধু নির্দিষ্ট পাঁচ জেলা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য অংশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
উত্তরবঙ্গও দুর্যোগের তালিকা থেকে বাদ যাচ্ছে না। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি মানেই যে গরম থেকে স্বস্তি মিলবে, তা নয়। মেঘলা আকাশের সঙ্গে বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্প থাকায় দিনের বেলায় গুমোট ও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।







