ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আসল মালিকানা কার হাতে? জোড়াফুল প্রতীকের নিয়ন্ত্রণই বা থাকবে কোন শিবিরের কাছে? এই প্রশ্নকে ঘিরে এবার নির্বাচন কমিশনে জোরদার লড়াই শুরু হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির ছয় ট্রাক ভর্তি নথি জমা দিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট শিবির দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে দুই ট্রাক ভর্তি নথি জমা দিল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেনের উপস্থিতিতে সেগুলি জমা দেওয়া হয়েছে।
কমিশনের দফতর থেকে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, জমা দেওয়া নথিতে জোড়াফুল প্রতীকে নির্বাচিত ৩২ জন বিধায়কের হলফনামা রয়েছে। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১৯ জন সাংসদের সমর্থনের নথিও জমা দেওয়া হয়েছে । তাঁর বক্তব্য অনুযায়ী, এই সাংসদদের মধ্যে আটজন লোকসভার এবং ন’জন রাজ্যসভার সদস্য।
আরও খবর : ২০-৩০ নভেম্বরের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন? দিল্লিতে প্রস্তুত থাকার নির্দেশ সুদীপ-কাকলিদেরও!
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ৮০ জন বিধায়ক জয়ী হয়েছিলেন। পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আলাদা রাজনৈতিক মঞ্চ তৈরি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই শিবিরে ৬৩ জন বিধায়ক বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। সংখ্যার নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে আসছেন তাঁরা। তবে এর মধ্যেও কেউ কেউ সুর চড়াতে শুরু করেছেন। যা নিয়ে চলছে বিতর্ক।
এর আগে ঋতুপন্থী শিবির কয়েক লক্ষ পাতার নথি জমা দিয়েছিল। তবে সেই নথির প্রতিলিপি কালীঘাট শিবিরকে দেওয়া হয়নি বলে অভিযোগ। মমতা-পন্থীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নথির কপি সরবরাহ করা হয়নি। পালটা ঋতুপন্থীদের যুক্তি, নথি প্রকাশ্যে এলে স্বাক্ষরকারীদের উপর রাজনৈতিক ও প্রশাসনিক চাপ তৈরি হতে পারে। এই বিতর্কের মধ্যেই দুই ট্রাক নথি জমা দিল কালীঘাট শিবির।







