ওয়েব ডেস্ক : বিদেশি রাজনৈতিক নেতার মুখে কংগ্রেসের ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান। আর সেই বক্তব্যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হাসি ও হাততালি। হায়দরাবাদে ভারত সম্মেলন ২০২৬-এ এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাহুলের প্রতিক্রিয়া নিয়ে সরাসরি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর প্রশ্ন, কোনও বিদেশি যখন ভারতের সমালোচনা করেন, তখন কি কাউকে হাসতে দেখা যায়?
রবিবার এক্স-এ একটি পোস্ট করে কংগ্রেস নেতাকে নিশানা করেন রিজিজু। যদিও পোস্টে রাহুলের নাম সরাসরি উল্লেখ করেননি তিনি। তাঁর বক্তব্য, বিদেশি কেউ ভারতকে অপমান করলে কোনও ভারতীয়কে কি হাসতে বা আনন্দ প্রকাশ করতে দেখা যায়? একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বিদেশে গিয়ে কোনও ভারতীয় দেশের বিরুদ্ধে কথা বলছেন কি না, সেই প্রসঙ্গ তিনি তুলছেন না। রিজিজুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
ঘটনার সূত্রপাত হায়দরাবাদের ভারত সম্মেলনে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান তোলেন ইউরোপীয় সমাজতন্ত্রী দলের সাধারণ সম্পাদক ইতালির রাজনীতিক জিয়াকোমো ফিলিবেক। রাহুল গান্ধীর নির্বাচনী তালিকায় অনিয়মের অভিযোগ এবং স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে আন্দোলনের প্রশংসা করেন তিনি। তাঁর বক্তব্য, গণতন্ত্রের অন্যতম ভিত্তি হল ‘এক ব্যক্তি, এক ভোট’। এই অধিকার রক্ষার জন্য রাহুল গান্ধী এবং কংগ্রেসের আন্দোলনের পাশে দাঁড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন ফিলিবেক।
আরও খবর : ছয় ট্রাকের পালটা দুই ট্রাক! তৃণমূলের দখল নিয়ে কমিশনে জোর লড়াই
দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সাম্প্রতিক সমাবেশের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। ফিলিবেকের দাবি, গণতন্ত্র কেবল প্রতিষ্ঠা করলেই দায়িত্ব শেষ হয় না, তাকে রক্ষা করার জন্যও মানুষের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তাঁর মতে, ভারতের গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরেও বিষয়টি নিয়ে আলোচনা হওয়া জরুরি। কংগ্রেসের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক শক্তি সামাজিক ন্যায়, জলবায়ু ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে একজোট বলেও জানান তিনি।
ফিলিবেকের এই বক্তব্যের পরেই কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করে বিজেপি ও বিআরএস। বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনের অভিযোগ, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনও বিদেশি নেতার মন্তব্য করা উচিত নয়। তাঁর দাবি, কংগ্রেস দেশের রাজনৈতিক বিতর্কে বিদেশি নেতাদের টেনে আনছে। একই সুরে সরব হন তেলঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দর রাও। রাহুল গান্ধীর হাততালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর অভিযোগ, বিদেশি নেতাদের দিয়ে দেশের গণতন্ত্রকে আক্রমণ করানো হচ্ছে।
বিআরএস নেতা কার্তিক ইন্দ্র রেড্ডি পাটলল্লাও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বিদেশি রাজনীতিকের মন্তব্য করার সুযোগ কেন দেওয়া হল? এই ঘটনায় রাহুল গান্ধীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
তবে ফিলিবেকের বক্তব্যের পক্ষে সওয়াল করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত। বিজেপির বিদেশি হস্তক্ষেপের অভিযোগের পালটা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের প্রসঙ্গ টানেন তিনি। রাউতের কটাক্ষ, মোদী যদি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে পারেন, তা হলে ইতালির কোনও রাজনীতিক ভারতে এসে এ দেশের বিষয়ে কথা বলতে পারবেন না কেন? তাঁর মতে, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্ন কোনও একটি দেশের অভ্যন্তরীণ সীমানায় আটকে থাকে না।







