কলকাতা: কলকাতার (Kolkata) অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) বোমাতঙ্ক ছড়াল (Bomb threat)। স্কুল, আদালত ও পোস্ট অফিসে হুমকি ই-মেলের ঘটনার পর এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালেও একই ধরনের হুমকি মেল আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই হেস্টিংস থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। সেই চিঠির ভিত্তিতেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: দুঁদে গোয়েন্দা থেকে বিতর্কিত রাজ্যপাল! বাংলার নতুন রাজ্যপাল আর.এন. রবিকে চিনে নিন…
ঘটনার খবর পেয়ে লালবাজারের বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরের বিভিন্ন অংশে সতর্কতামূলকভাবে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা জানতে হুমকি ই-মেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক দিনে কলকাতার একাধিক স্কুল, আদালত এবং পোস্ট অফিসেও বোমা রাখার হুমকি ই-মেল পাঠানো হয়েছিল। যদিও অধিকাংশ ক্ষেত্রেই তা ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। তবুও নিরাপত্তার স্বার্থে প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছে না।







