ওয়েব ডেস্ক : বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিয়ে রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Bose)। কিন্তু সেই অধ্যায়ও দীর্ঘস্থায়ী হল না। তৃণমূলে যোগদানের মাত্র চার মাসের মধ্যেই দল ছাড়লেন তিনি। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি সংক্ষিপ্ত চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তৃণমূল থেকে ইস্তফার কথা জানান চন্দ্র বসু। পাশাপাশি দলের আগামী দিনের সাফল্যও কামনা করেছেন তিনি।
বিজেপি (BJP) ছাড়ার সময় চন্দ্র বসু জানিয়েছিলেন, ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আস্থা রেখেই তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। নেতাজির আদর্শকে সামনে রেখে কাজ করার লক্ষ্য থাকলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেই তিনি দাবি করেছিলেন। এমনকি বিজেপিতে যোগ দেওয়াকে তিনি ‘ঐতিহাসিক ভুল’ বলেও উল্লেখ করেন। এরপর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়ে নিজের সেই ভুল সংশোধন করেছেন বলেও মন্তব্য করেছিলেন।
আরও খবর : পিএসসির নতুন চেয়ারম্যান হলেন অনিল বর্মা
২০১৬ সালের বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি চন্দ্র বসু। দীর্ঘদিন বিজেপির রাজ্য সহ-সভাপতির দায়িত্বও সামলেছিলেন। পরে দলীয় পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দিলেও প্রার্থী হননি।
ভোটের ফল ঘোষণার তিন মাসের মাথায় তৃণমূল থেকেও সরে দাঁড়ানোয় নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে তিনি অন্য কোনও দলে যোগ দেবেন, নাকি সক্রিয় রাজনীতি থেকেই সরে যাবেন, সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি।







