ওয়েব ডেস্ক: স্বাধীনতার মাসের এই প্রকল্প বেশ কয়েকবছর আগেই সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আগামী ১৫ অগাস্টকে সামনে রেখে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘হর ঘর তেরঙ্গা’ (Har Ghar Tiranga) কর্মসূচি। শুক্রবার ভবানীপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত তেরঙ্গা যাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ।
মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। রাজপথ জুড়ে দেখা যায় জাতীয় পতাকার ঢেউ।
আরও খবর : পুরভোটের আগে বড় সিদ্ধান্ত, কলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা?
হাজরা মোড়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, সার্ভে বিল্ডিং থেকে এই হাজরা মোড় পর্যন্ত মিছিল করে আমরা আজ হর ঘর তেরঙ্গা কর্মসূচি শুরু করে দিলাম। আগামী ১০ অগস্ট নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডলের ৭ নম্বর গেট পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে নিয়ে ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে। তিনি সকলকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
এদিন ভবানীপুরের একটি গুরুদ্বারেও যান মুখ্যমন্ত্রী। সেখানে ভক্তদের সঙ্গে ‘লঙ্গর’-এ খাবার পরিবেশন, বাসন ধোয়া এবং একসঙ্গে বসে আহার করে সেবামূলক কর্মকাণ্ডে অংশ নেন তিনি।







