HomeScrollহাইকোর্টের অনুমতি মেলেনি তবুও মিছিল মমতার, উত্তেজনা চরমে, আটক তৃণমূল নেতা
Kunal Ghosh

হাইকোর্টের অনুমতি মেলেনি তবুও মিছিল মমতার, উত্তেজনা চরমে, আটক তৃণমূল নেতা

NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। কুণাল ঘোষ-সহ একাধিক নেতাকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়েব ডেস্ক : নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কলকাতায় তৃণমূল কংগ্রেসের (TMC) বিক্ষোভ কর্মসূচি ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়াল। সিআইটি রোডে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশ মিছিল আটকে দেয়। তৃণমূল নেতা তথা বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) আটক করে। সূত্রের খবর, তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়কেও আটক করা হয়েছে।

পুলিশের অভিযোগ, কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়াই ওই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। বারবার অনুরোধ সত্ত্বেও বিক্ষোভকারীরা সরে না যাওয়ায় পদ্মপুকুর মোড় এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু সময়ের জন্য সিআইটি রোডে যান চলাচলও ব্যাহত হয়। এরপর পুলিশ কুণাল ঘোষ-সহ কয়েকজনকে আটক করে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, প্রথমে পুলিশের কাছ থেকে মিছিলের অনুমতি মিললেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হলেও শনিবার জরুরি শুনানির আবেদন গ্রহণ করা হয়নি বলে অভিযোগ দলের। এরপরও শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করতে চেয়েছিলেন নেতা-কর্মীরা বলে দাবি তৃণমূলের।

আরও খবর : জোড়া ধাক্কার পর লালবাজারে মমতা

কুণাল ঘোষকে গ্রেফতারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, এভাবে গণতান্ত্রিক কণ্ঠরোধ করা যায় না। মানুষ গোটা ঘটনাই দেখছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। হাতে সংবিধানের একটি কপি নিয়ে প্রতিবাদে সামিল হন তৃণমূল নেত্রী। তিনি জানান, কুণাল ঘোষের দ্রুত মুক্তির জন্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ঘিরে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক তরজাও নতুন করে তীব্র হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News