মালদহ: ছাব্বিশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে আরও শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার শাসক দলে যোগ দিলেন মালদহের (Maldah) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মতিউর রহমান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মালদহের হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে বিজেপির (BJP) টিকিটে লড়েছিলেন তিনি। কংগ্রেসের (Congress) শক্ত ঘাঁটিতে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন মতিউরই। এবার সেই নেতাই যোগ দিলেন তৃণমূল শিবিরে।
এদিন তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন মতিউর রহমান। মালদহে ‘গরিবের বন্ধু’ হিসেবেই পরিচিত তিনি।
আরও পড়ুন: ধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার
ব্রাত্য বসু বলেন, “আমি নিশ্চিত, বিজেপিকে দেখে সাধারণ মানুষ ভোট দেয়নি। মতিউর রহমান নিজের ক্যারিশ্মাতেই বিজেপিকে দ্বিতীয় স্থানে তুলে এনেছিলেন।” তিনি আরও জানান, এসআইআর ইস্যুতে মালদহ অন্যতম প্রভাবিত জেলা। সেই পরিস্থিতির প্রতিবাদেই মতিউরের তৃণমূলে যোগদান।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত নাদিমুল হকও মতিউরের সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন। তাঁর কথায়, “মতিউর একজন সমাজসেবী ও সফল ব্যবসায়ী। গরিব মানুষের জন্য নিয়মিত মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন। এমন একজন মানুষের তৃণমূলে যোগদান দলের পক্ষে অত্যন্ত ইতিবাচক।”
তৃণমূলের পতাকা হাতে নিয়ে মতিউর রহমান বলেন, “১৪-১৫ বছর আগে বাংলায় তেমন উন্নয়ন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে। সেই কারণেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, প্রায় এক বছর আগেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন। তাঁর অভিযোগ, “বিজেপি ভাঙনের রাজনীতি করছে। তাই দল ছেড়েছি। আমি ও দিদি দু’জনেই গরিব মানুষের জন্য কাজ করি।” রাজনৈতিক মহলের মতে, মতিউর রহমানের এই যোগদানে মালদহে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হতে পারে।







