কলকাতা: বিজেপির (BJP) প্রার্থী তালিকা প্রকাশ ঘিরে রাজারহাট-নিউটাউন (Rajarhut-Newtown) আসনে নতুন করে জল্পনা। কিছুদিন আগেই ওই আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। বায়োডাটাও জমা দিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ দল ভরসা রাখে পীযূষ কানোরিয়ার উপর। সেই সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছিলেন রিঙ্কু।
প্রথমে সরাসরি প্রশ্ন তুলেছিলেন দলের সিদ্ধান্ত নিয়ে। তাঁর অভিযোগ ছিল, রাজারহাট-নিউটাউন ও বীজপুরে যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি তিনি দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনশালকেও জানিয়েছেন বলে দাবি করেন।
আরও পড়ুন: ২৩ মার্চেই প্রকাশ্যে আসবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, নবান্নের কড়া সতর্কতা
এই ‘দলবিরোধী’ মন্তব্য ঘিরে বিতর্কের মাঝেই মুখ খোলেন দিলীপ ঘোষ। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রিঙ্কু তাঁর স্ত্রী হওয়ার আগে বিজেপির কর্মী, ফলে তাঁর বক্তব্যের দায় তিনি নেবেন না।
এর পরেই বদল আসে রিঙ্কুর সুরে। তিনি দাবি করেন, সংবাদমাধ্যম তাঁর বক্তব্য কাটাছেঁড়া করে দেখাচ্ছে, ফলে ভুল বোঝাবুঝি হচ্ছে। তাঁর কথায়, “আমি কোনওদিনই টিকিট পাওয়ার জন্য মরিয়া ছিলাম না। অনেকেই বায়োডাটা দিয়েছেন, আমিও দিয়েছিলাম। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই টিকিট দিয়েছে।”
তবে সুর নরম হলেও অবস্থান বদলায়নি পুরোপুরি। রিঙ্কু এদিনও বলেন, রাজারহাট-নিউটাউনের বর্তমান প্রার্থী তাঁর পছন্দ নয়। তাঁর মতে, অভিযোগে জর্জরিত ও দলবদলু নেতার বদলে ‘সজ্জন’ কাউকে প্রার্থী করা হলে দলেরই লাভ হতো।







