HomeScrollতারাপীঠের হোটেলে ভয়াবহ আগুনের পর কড়া পদক্ষেপ, বন্ধ ১৫ হোটেল, গ্রেফতার মালিক...
Tarapith Fire

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুনের পর কড়া পদক্ষেপ, বন্ধ ১৫ হোটেল, গ্রেফতার মালিক ও ছেলে

তারাপীঠের অগ্নিকাণ্ডে ন’জনের মৃত্যুর পর কড়া প্রশাসন, বন্ধ ১৫ হোটেল, গ্রেফতার মালিক ও ছেলে।

বীরভূম: তারাপীঠের (Tarapith Hotel Fire) হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ন’জনের মৃত্যুর পর নড়েচড়ে বসল বীরভূম জেলা প্রশাসন। অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে একসঙ্গে ১৫টি হোটেল, লজ এবং অতিথিশালা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রামপুরহাটের মহকুমা শাসকের বক্তব্য, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং প্রয়োজনীয় দমকলের শংসাপত্র না থাকার মতো একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে।

প্রশাসনের নির্দেশে যে প্রতিষ্ঠানগুলি বন্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস, বীরভূম লজ, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, হোটেল দেব, তাপ্তি লজ, ভোলানাথ ভবন, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস, সন্দীপ লজ, কেশরী লজ এবং দত্ত ভবন। প্রশাসনের দাবি, নিরাপত্তা সংক্রান্ত অনিয়ম নিয়ে এর আগেও একাধিক বার সতর্ক করা হয়েছিল এবং নোটিস দেওয়া হয়েছিল।

আরও খবর : কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন, ভোরে ছড়াল আতঙ্ক!

অন্য দিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তেও বড় অগ্রগতি হয়েছে। যে বেসরকারি হোটেলে আগুন লেগেছিল, সেই হোটেলের মালিকের ছেলে কল্যাণ পালকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতার করা হয় হোটেল মালিক প্রবীর কুমার পালকেও। দু’জনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথা উঠে এলেও, অগ্নিকাণ্ডের সময় হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন এবং দমকল সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, সেই সব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

সামনেই কৌশিকী অমাবস্যা। এই সময়ে তারাপীঠে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও পর্যটকের ভিড় হয়। ফলে তার আগেই হোটেল, লজ, গেস্ট হাউস এবং হোমস্টেগুলির বিদ্যুৎ সংযোগ ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। ন’জনের মৃত্যুর পর প্রশাসনের এই তৎপরতায় অন্তত সামনের দিনগুলিতে তারাপীঠে হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা কতটা বদলায়, এখন সেদিকেই নজর।

[youtube-feed feed=1]
Read More

Latest News